ছবি ছাপা নিয়ে সমালোচনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কমলার ছবি বিতর্কে পত্রিকার প্রচ্ছদ বদল। সূত্রের খবর, প্রচ্ছদে আমেরিকার নতুন মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ছবি ছেপে প্রবল সমালোচনার মুখে পড়ল আন্তর্জাতিক ফ্যাশন পত্রিকা ভোগ। এক্ষেত্রে আরও জানা যায়, পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, বিতর্কিত ছবিটির পরিবর্তে নতুন ছবি দিয়ে তাঁরা বেশ কিছু সংখ্যক পত্রিকা ছাপবেন। উল্লেখ করা যায়, পত্রিকার ফেব্রুয়ারি সংখ্যায় দেশের ৪৯-তম ভাইস প্রেসিডেন্টের যে ছবিটি ছাপা হয় তা নিয়েই বিতর্ক তৈরি হয়।
এক্ষেত্রে অভিযোগ, কালো জিন্স, ব্লেজার ও স্নিকার্স পরা কমলার ছবি। ওই ছবিতে দেশের প্রথম কৃষ্ণাঙ্গ ও মহিলা ভাইস প্রেসিডেন্টকে তাঁর যোগ্য সম্মান দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। উল্লেখ্য, ৫৬ বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট তাঁর ঘনিষ্ঠ মহলে ছবিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানা যায়। এরপর চাপের মুখে পত্রিকা সূত্রে জানানো হয়েছে, নীল স্যুট পরা কমলার নতুন ছবি দিয়ে নয়া প্রচ্ছদ ছাপা হয়েছে। পত্রিকার ডিজিটাল প্রচ্ছদেও রয়েছে সেই ছবি। কৃষ্ণাঙ্গ চিত্রগ্রাহক টাইলার মিশেলের তোলা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় দায় স্বীকার করেছে এবং ক্ষমা চেয়েছেন পত্রিকার সম্পাদক অ্যানা উইনটর।

