তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহে প্রবেশের অনুমতি

Tarakeswar Mandir-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আজ থেকে খুলছে তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহ। স্থানীয় সূত্রের খবর, তারকেশ্বর মন্দিরের গর্ভগৃহে প্রবেশের অনুমতি দিয়েছে পরিচালন কর্তৃপক্ষ। এই খবরে খুশি পুণ্যার্থী থেকে মন্দির সংলগ্ন ব্যবসায়ী মহল। উল্লেখ করা যায়, করোনা আবহে গত বছর ১৭ মার্চ গাজন মেলা বন্ধের ঘোষণা করেছিল মন্দির কর্তৃপক্ষ। এরপর গর্ভগৃহে পুণ্যার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা তৈরি হয়। পরবর্তীতে ২৫ জুন মন্দির খোলা হয়।

স্থানীয় সূত্রের আরও খবর, মন্দির খোলার পর আশপাশের গ্রামগুলিতে কয়েকজনের করোনা ধরা পড়ে। এরপর ২৬ জুন আবারও অনির্দিষ্টকালের জন্য মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। করোনা পরিস্থিতির প্রকোপ কিছুটা কম হতে মন্দির খোলা হয়। ওইদিন ছিল ৩ সেপ্টেম্বর। তবে বন্ধ রাখা হয় মন্দিরের গর্ভগৃহে প্রবেশ। এবার থেকে সেই গর্ভগৃহ খুলে যাবে পুণ্যার্থীদের জন্য। এক্ষেত্রে মেনে চলতে হবে করোনা-বিধি।

মন্দির কর্তৃপক্ষ সূত্রের খবর, ২০ জনের বেশি প্রবেশ করা যাবে না। মুখে মাস্ক পড়া বাধ্যতামূলক। থাকছে সামাজিক দূরত্ব-বিধি মেনে চলার কড়া নির্দেশিকাও। মঙ্গল-শনিবার ভোর ৬টা থেকে সকাল ৯টা ও পুজোর পর দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে গর্ভগৃহ। আবার রবিবার, সোমবার ও অন্যান্য ছুটির দিন দুপুর ১টার পরিবর্তে খোলা থাকবে দুপুর ২টা পর্যন্ত। তারকেশ্বর মঠের প্রধান দণ্ডীস্বামী সুরেশ্বর আশ্রম সূত্রে জানা গিয়েছে, আজ ১০ ফেব্রুয়ারি, সকাল ৬টা থেকে পুণ্যার্থীদের জন্য গর্ভগৃহ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ম-নীতি মেনে পুণ্যার্থীরা গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন। সকলের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *