প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজি প্রয়াত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজি(৯১)। কোভিডে প্রয়াত হয়েছেন তিনি। বর্ষীয়ান আইনজীবী দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পদ্মবিভূষণ প্রাপ্ত এই আইনজীবীর ১৯৩০ সালে মুম্বইয়ে জন্ম হয়েছিল। ১৯৫৩ সালে বম্বে হাইকোর্টে তাঁর আইনের হাতেখড়ি হয় ৷ ১৯৭১ সালে সুপ্রিমকোর্টের শীর্ষ আইনজীবীর পদে বসেছিলেন। সোরাবজি প্রথমবার অ্যাটর্নি জেনারেল হন ১৯৮৯ সালে ৷ এরপর ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ওই পদে ছিলেন ৷
মানবাধিকার রক্ষার লড়াইয়ে বিশেষ ভূমিকা নিয়েছিলেন তিনি। সোরাবজি ১৯৯৭ সালে নাইজেরিয়ার জন্য রাষ্ট্রসংঘের স্পেশ্যাল রাপোর্টিয়ার হিসেবে নিযুক্ত হয়েছিলেন। কর্মজীবনে রাষ্ট্রসংঘের সাব-কমিশন অন প্রোমোশন অ্যান্ড প্রোটেকশন অফ হিউম্যান রাইটসে যোগ দিয়েছিলেন তিনি। রাষ্ট্রসংঘের সংখ্যালঘুদের সুরক্ষা ও বৈষম্যরোধ সংক্রান্ত সাব-কমিশনেরও সদস্য ছিলেন তিনি ৷ ২০০০ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত হেগ-এ রাষ্ট্রসংঘের বিশ্ব আদালতের সদস্যও ছিলেন ৷ ২০০২ সালে তিনি দেশের সংবিধানের কাজ নিয়ে পর্যালোচনার জন্য গঠিত কমিশনের সদস্যও হন। সুপ্রিমকোর্টের বিবিধ ঐতিহাসিক মামলার সঙ্গে জড়িয়ে ছিলেন সোলি সোরাবজি ৷ তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া।

