সিনেমা পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:প্রয়াত হলেন সিনেমা পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত (৭৭)। কিডনির অসুখে ভুগছিলেন তিনি। দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতেই তাঁর মৃত্যু হয় ।
বাংলা সিনেমা ও বাংলা কবিতা জগতে তাঁর অবাধ বিচরণ ছিল। “বাঘ বাহাদুর”, “লাল দরজা”, “চরাচর” সহ একাধিক ছবি তৈরি করেছেন। এছাড়া “মন্দ মেয়ের উপাখ্যান”, “কালপুরুষ”, “উত্তরা”, “স্বপ্নের দিন”, “তাহাদের কথা” সহ একাধিক কালজয়ী ছবি নির্মাণ করেছেন।
১৯৪৪ সালে পুরুলিয়া জেলায় তাঁর জন্ম। পেশাগত জীবন শুরু করেছিলেন অধ্যাপক হিসেবে। এরপর তিনি সিনেমা জগতে চলে আসেন। কলকাতা ফিল্ম সোসাইটির সঙ্গে যুক্ত হয়ে পড়েন।
পূর্ণদৈর্ঘ্যের সিনেমা “দূরত্ব” প্রথম খ্যাতি এনে দিয়েছিল। জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। কান, বার্লিন সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ফেস্টিভ্যালে তাঁর ছবি প্রশংসিত হয়। “তাহাদের কথা” তাঁর কালজয়ী ছবির মধ্যে অন্যতম।
কবিতা লেখার ক্ষেত্রেও দক্ষতা ছিল তাঁর। “অন্তর্জলী” নামে একটি লিটল ম্যাগাজিন সম্পাদনাওকরেছেন তিনি। সিনেমা ও কবিতার জন্য তাঁর অগণিত ভক্তও রয়েছে। বুদ্ধদেব দাশগুপ্তের মৃত্যুর খবরে শোকজ্ঞাপন করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। সিনেমা সহ সংস্কৃতি মহলে শোকের ছায়া।

