স্নানযাত্রার দিন থেকেই খুলছে দক্ষিণেশ্বর মন্দির
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:খুলে যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। ভক্ত-দর্শনার্থীরা এবার মা ভবতারিণীর দর্শন পাবেন। সর্বোচ্চ ২০জন মূল মন্দিরে প্রবেশ করতে পারবেন। মন্দিরের গেটের বাইরে থার্মাল চেকিং থাকবে ।
বৃহস্পতিবার জগন্নাথদেবের স্নানযাত্রার দিন থেকেই খুলে যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির । ওই মন্দির কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, সকাল ৭থেকে বেলা ১১ টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। সন্ধ্যারতির জন্য আবার বিকেল ৩টে থেকে মন্দির খুলে দেওয়া হবে। তবে মন্দির চত্বরে জমায়েত করা যাবে না বলে জানানো হয়েছে।
মন্দিরের গেটের বাইরে থার্মাল চেকিং করার পর মন্দিরে প্রবেশ করা যাবে ৷ করোনা বিধি মেনেই করা যাবে মন্দির দর্শন ৷ মন্দিরে যাতে দর্শনার্থীদের ভিড় না বাড়ে তা নজর রাখবে মন্দির কমিটি। নিয়ম মেনেই হবে পুজো-পাঠ আয়োজন ৷
করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর কড়া নিয়ম চালু হয় রাজ্যজুড়ে ৷ বন্ধ হয় সব মন্দির ৷ কিছুটা স্বাভাবিক ছন্দে ফেরার পর দক্ষিণেশ্বর মায়ের মন্দির খোলা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে কালীঘাট মন্দির ৷ এছাড়া মায়াপুরের ইস্কন মন্দিরও খুলেছে ৷ বেলুড় মঠ এখনও খুলছে না বলে জানা গিয়েছে।
অন্যদিকে শুরু হয়েছে অম্বুবাচী পালন ৷ নিয়ম মেনে পুজো হচ্ছে সর্বত্র। কামাক্ষ্যা মন্দিরে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকছে বলে জানা গিয়েছে। কামাক্ষ্যায় অম্বুবাচী মেলাও এবার বন্ধ রাখা হয়েছে ৷

