Raj KapoorLifestyle 

রাজ কাপুরের প্রয়াণ দিবস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজ ২ জুন। ১৯৮৮ সালের আজকের দিনে প্রয়াত হয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজ কাপুর। তাঁর সম্পর্কে যতই বলা হোক ততই মনে হবে কম। তিনি ছিলেন বলিউডের অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা এবং পাশাপাশি হিন্দি ছবির পরিচালকও।

১৯৩৫ সালে মাত্র ১০ বছর বয়সে ”ইনকিলাব” ছবির মাধ্যমে অভিনয় জগতে তাঁর কর্মজীবন শুরু হয়। এরপর বেশকিছু চলচ্চিত্রে অভিনয়ের পর ১৯৪৭ সালে ”নীল কমল” ছবিতে বড় সুযোগ পান। ১৯৪৮ সালে ২৪ বছর বয়সে ”আর. কে. ফিল্মস” নামে রাজ কাপুর নিজস্ব ষ্টুডিও প্রতিষ্ঠা করেন। এই স্টুডিওর অধীনে ”আওয়ারা”, ”শ্রী ৪২০”, ”চোরি চোরি”, ”জাগতে রাহো” ও ”জিস দেশ মে গঙ্গা বেহতি হ্যায়” সহ বহু সফল চলচ্চিত্র মুক্তিলাভ করেছিল। রাজ কাপুরকে ভারতীয় চলচ্চিত্রের সেরা পথপ্রদর্শকরূপে আখ্যায়িত করা হয়।

তিনি তাঁর অভিনয়ের জন্য বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন। ৩ বার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ১১ বার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। রাজকাপুরের সম্মানার্থে ও তাঁর নামানুসারে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কারের নাম রাখা হয়। এছাড়াও শিল্পকলায় তাঁর অসামান্য অবদানের জন্য ১৯৭৯ সালে ভারত সরকারের পক্ষ থেকে তাঁকে ”পদ্মভূষণ” সম্মানে ভূষিত করা হয়।অন্যদিকে ১৯৮৭ সালে ভারত সরকার কর্তৃক ভারতের চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা ”দাদাসাহেব ফালকে” পুরস্কার পান তিনি।

Related posts

Leave a Comment