সম্পর্ক জীবনের শক্তিশালী সেতু
নিজের ব্যক্তিত্ব ও আত্মসম্মান হারালে একজন মানুষ সব থেকে বেশি নিঃস্ব এবং সব থেকে বেশি অসহায় হয়ে পড়েন। তখন সেই জীবনটা আরও দুঃসহ আরও কষ্টের হয়ে দাঁড়ায়। যদি সে প্রকৃত মানুষ হয়ে থাকেন, যদি তাঁর ঈশ্বর চেতনা থাকে তাহলে তিনি বুঝতে পারবেন, মানুষের অঙ্গেই দেব-দেবীর বসবাস। যেমন,মস্তকে- ভগবান শিব, মুখে -বিষ্ণু, নয়নে – সূর্যদেব, নাভিতে-ব্রহ্মা, জিহ্বায় -মা সরস্বতী, হাতে- মা লক্ষ্মী বসবাস করেন। তাই নিজের ভুল থাকলে ক্ষমাপ্রার্থী হওয়া উচিত। মাথা নিচু করে তা মেনে নেওয়াও উচিত। জীবনের ক্ষেত্রে ছোট ছোট আঘাতেও চোখের জল আসতে পারে।
সব মানুষকে গুরুত্ব দিয়ে মাথায় তুলে রাখলে বিপত্তি। তবে মনে রাখা উচিত-যোগাযোগ এবং সম্পর্ক জীবনের সবচেয়ে নীরব কিন্তু শক্তিশালী সেতুর নাম। মনে রাখা জরুরি যে, ভালোবাসা থাকলেই সব সম্পর্ক টিকে থাকবে এমনও নয়। জীবনের ক্ষেত্রে চলার পথে লক্ষণীয় যে, কখনও কখনও ভালোবাসার থেকেও বেশি প্রয়োজন হয়ে পড়ে একে অপরের কাছে মনের কথা পৌঁছে দেওয়ার বিষয়টি। মানুষ সবসময় অভিমান করে দূরে সরে থাকে না, অনেক সময় না-বলা কথার ভারেই দূরত্ব তৈরি হয়ে যায়। মনোবিজ্ঞানের বিশ্লেষকরা বলে থাকেন, একটি সম্পর্ক নষ্ট হয়ে যায় বড় কোনও ভুলে নয়, সম্পর্ক ভাঙে নীরবতায় আর জমে থাকা অভিমানে।
