মধ্যমগ্রামের বাসিন্দা পরিবার বাঁচাতে পথেই

Jayanta

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: মধ্যমগ্রামের বাসিন্দা করোনায় আক্রান্ত এক যুবক তার পরিবারকে বাঁচাতে ৩ দিন ধরে রাস্তাতেই দিন কাটালো। ওই যুবকের নাম জয়ন্ত রায়। সূত্রের খবর, জয়ন্ত মধ্যমগ্রামের বাসিন্দা। গত ৫ সেপ্টেম্বর তাঁর করোনা পরীক্ষা করা হয়। এরপর ৮ সেপ্টেম্বর তাঁর ভাই বিধাননগর মহকুমার সাব-ডিভিশনাল হাসপাতলে রিপোর্ট নিয়ে জানতে পারে তাঁর দাদা জয়ন্ত রায় করোনায় আক্রান্ত। এরপর ভাই বাড়িতে ফোন করে একথা জানায়।

সূত্রের আরও খবর, সেই কথা জানতে পেরে জয়ন্ত রায় বাড়ি থেকে বেরিয়ে যায়। সেইদিন থেকেই তাঁকে বাড়ির লোক খোঁজাখুঁজি করছিল বলে খবর। কিন্তু কোনভাবেই খুঁজে পাচ্ছিল না। এরপর জয়ন্ত তাঁর বাড়িতে ফোন করে জানায়, আমি খুবই অসুস্থ, হয়তো আর বাঁচবো না। অবশেষে বাধ্য হয়ে তাঁর পরিবারের লোকজন মন্ত্রী সুজিত বসুর দ্বারস্থ হন। জানা যায়, মন্ত্রী সুজিত বসু বিধাননগর কর্পোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল দত্ত-র সাহায্যে জয়ন্তকে সল্টলেক দত্তাবাদ সংলগ্ন বাইপাসের ধারে থেকে খুঁজে পায়।

পুলিশ সূত্রে খবর, জয়ন্তকে বাইপাস সংলগ্ন একটি রাস্তায় শুয়ে থাকতে দেখা যায়। তাঁর পরিবারের লোককে সঙ্গে নিয়ে বিধাননগর ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল দত্ত গিয়ে উদ্ধার করে করোনায় আক্রান্ত জয়ন্ত রায়কে। আক্রান্তের বক্তব্য, করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই সে তাঁর পরিবারের লোককে বাঁচাতে এইভাবে রাস্তায় রাস্তায় দিন কাটাচ্ছে। পুলিশের তৎপরতায় তাঁকে অ্যাম্বুলেন্সে করে রাজারহাট চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *