সুপ্রিমকোর্টের রায়ে নিট, জয়েন্ট নির্ধারিত সময়েই
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পড়ুয়াদের ভবিষ্যৎ অনন্তকাল থমকে থাকতে পারে না, এই যুক্তিতেই পরীক্ষা পিছনোর আবেদন খারিজ করে দিল সুপ্রিমকোর্ট। সূত্রের খবর, এরপরই ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) জানিয়ে দিয়েছে, সেপ্টেম্বরে নির্ধারিত দিনেই হবে জয়েন্ট এন্ট্রান্স (মেইন) ও নিট (ইউজি)। পাশাপাশি করোনার আবহে যাবতীয় স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেবে তারা। কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বর ইঞ্জিনিয়ারিংয়ের জয়েন্ট এন্ট্রান্স (মেইন) ও ১৩ সেপ্টেম্বর মেডিক্যালের প্রবেশিকা নিট (ইউজি) হওয়ার কথা।
চলতি বছরে জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষার জন্য ১১ লক্ষেরও বেশি ও নিটে (ইউজি)-র জন্য প্রায় ১৬ লক্ষ পরীক্ষার্থী নিজেদের নাম নথিভুক্ত করেছে। সূত্রের আরও খবর, পশ্চিমবঙ্গ থেকেই এবছর নিটে রেজিস্ট্রেশন করেছেন প্রায় ৭৪ হাজার ৪৫২ জন। যা গতবারের থেকে প্রায় ৮ হাজার বেশি। উল্লেখ্য, প্রথমে এপ্রিল-মে মাসে দুটি পরীক্ষা হওয়ার কথা ছিল। পরে তা পিছিয়ে জুলাই মাসে নেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। পরিস্থিতির উন্নতি না হওয়ার কারণে বদলে যায় সেই সূচিও।
অন্যদিকে করোনার আবহে পরীক্ষা গ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করেই সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করেছিলেন কয়েকজন পড়ুয়া। পড়ুয়াদের কেরিয়ারের প্রসঙ্গ উল্লেখ করে সেই মামলা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কৃষ্ণ মুরারীর বেঞ্চ স্পষ্ট জানিয়েছেন, করোনা পরিস্থিতির জন্য অনন্তকাল সব কিছু থমকে থাকা সম্ভব নয়। এরপর এনটিএ-র পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতাও শীর্ষ আদালতে জানিয়েছেন, উপযুক্ত ব্যবস্থাতেই পরীক্ষা হবে।

