“আম্ফান” ক্ষতিগ্রস্ত সুন্দরবন এলাকার পুনর্গঠনে বরাদ্দ

Amphan Cyclone-4

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : “আম্ফান”-এ ক্ষতিগ্রস্ত সুন্দরবনের উন্নয়নে ৩০ কোটি টাকা বরাদ্দ হল। সূত্রের খবর, “আম্ফান”-এ ক্ষতিগ্রস্ত সুন্দরবন এলাকার পুনর্গঠনে কাজ শুরু করল রাজ্য সরকার। জানা গিয়েছে, সুন্দরবন উন্নয়ন দপ্তর এই খাতে ৩০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। উল্লেখ্য, “আম্ফান” ঘূর্ণিঝড়ে কালভার্ট, সেতু, বাঁধ ও রাস্তার ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এবার সেই সব নির্মাণের কাজ শুরু হয়েছে বলে খবর। আবার বিশ্বের অন্যতম সেরা জীববৈচিত্র্যপূর্ণ সুন্দরবন এলাকার ভূমিক্ষয় রোধে বনসৃজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ করা যায়, আম্ফান ঘূর্ণিঝড়ে সুন্দরবনের বিরাট অংশের ম্যানগ্রোভ অরণ্য ক্ষতিগ্রস্ত হয়। এক্ষেত্রে সব মিলিয়ে চলতি এই প্রকল্পে ৬ কোটি টাকার ম্যানগ্রোভ অরণ্য লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বর্ষায় সুন্দরবনের ওই অংশে প্রচুর গাছ রোপণ করা হয়। এবার তার পরিমাণও বাড়ানো হয়েছে। অন্যদিকে “আম্ফান”-এ ক্ষতি হওয়া সম্পত্তির খতিয়ানও তৈরি করেছে সুন্দরবন উন্নয়ন দপ্তর। এই দপ্তরের প্রায় ১৫০ কোটি টাকার স্থায়ী-অস্থায়ী সম্পদ নষ্ট হয়েছে বলে লিখিত রিপোর্টও তৈরি হয়েছে বলে জানা যায়। আবার মুখ্য সচিবের মাধ্যমে এই আর্থিক দাবি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে। স্থানীয়ও প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, দিল্লি নিজস্ব উপগ্রহ চিত্রের মাধ্যমে গোটা এলাকায় সমীক্ষা করেছে। সেই চিত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রাজ্যের দাবি মিলিয়েই আর্থিক বরাদ্দ করা হবে। পাশাপাশি সুন্দরবন এলাকার পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজাতে একাধিক বড় সেতু নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *