কোচ হিসেবে ৫০-তম ম্যাচে সফল হলেন শেভচেঙ্কো
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শেষ আটে পৌঁছে গেল ইউক্রেন। গ্লাসগোর হ্যাম্পডেন পার্ক স্টেডিয়ামে ইউক্রেনের চমক দেখল ফুটবল বিশ্ব। কোচ হিসেবে ৫০-তম ম্যাচে সফল হলেন শেভচেঙ্কো। ২-১ গোলে সুইডেনকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে গেল তাঁর দল। ২৭ মিনিটের মাথায় সুইডেন বক্সে ইয়ারমোলেঙ্কোর পা ঘুরে বল চলে আসে জিনচেঙ্কোর কাছে। জোরালো শটে তিনি এগিয়ে দিয়েছেন ইউক্রেনকে। এরপর ৪৩ মিনিটে সুইডেনের আলেকজান্ডার ইসাকের থেকে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে সমতা ফেরালেন এমিল ফর্সবার্গ।
উল্লেখ্য, বিরতির পর গোলের জন্য মরিয়া হয় সুইডেন। এই সময় ২ বার পোস্টে লেগে বল ফেরত আসে ফর্সবার্গের শট। নির্ধারিত ৯০ মিনিটে কোনও দল গোল করতে না পারায় ম্যাচ অতিরিক্ত সময়ে পৌঁছে যায়। সুইডেনের মার্কাস ড্যানিয়েলসন ইউক্রেনের আর্তেম বেসেডিনকে ফাউল করে লাল কার্ড দেখে। এরপর ১০ জনে খেলতে হয় সুইডেনকে। জিনচেঙ্কোর ক্রসে মাথা ছুঁয়ে ইউক্রেনকে স্বপ্নের জয় এনে দিলেন আর্তেম দভবিক। এবার শেষ আটে ইউক্রেনের প্রতিপক্ষ ইংল্যান্ড।

