আসানসোল ভোট যুদ্ধে সরগরম
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১২ এপ্রিল লোকসভার উপনির্বাচন আসানসোলে। ক্রমশ বেড়ে চলেছে রাজনৈতিক উত্তেজনার পারদ। এই নির্বাচনে আসন ধরে রাখার লড়াই বিজেপির। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূলের কাছে আসনটি জিতে নেওয়ার তাগিদ। অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সামিল বাম প্রার্থীও। রাজনৈতিক বিশ্লেষকরাও তাকিয়ে রয়েছেন এই কেন্দ্রের ফলাফলের দিকে।
একদা লোকসভার সাংসদ বাবুল সুপ্রিয়-র ছেড়ে যাওয়া আসনে ভোটগ্রহণ পর্ব। প্রচারে পিছিয়ে নেই কোনও দলই। নির্বাচন ঘিরে তরজাও কম চলছে না। প্রচারে আক্রমণ প্রতি আক্রমণ থেমে নেই। ভোটের দিন যত এগিয়ে আসছে তত বাড়ছে প্রচারের ঝাঁজ। সেই সঙ্গে বাড়ছে উত্তেজনা। এই লোকসভা নির্বাচনের আর কয়েকটা দিন বাকি । চলছে জোর চর্চাও।
বিজেপি প্রার্থী হয়েছেন অগ্নিমিত্রা পল। তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শত্রুঘ্ন সিনহা। সিপিআইএম প্রার্থী রয়েছেন পার্থ মুখোপাধ্যায়। একদিকে “ঘরের মেয়ে”, অন্যদিকে “বহিরাগত” বিষয়টি আসানসোলের মাটিতে আবারও চর্চায় চলে এসেছে। বাড়ি বাড়ি প্রচারে বামফ্রন্টের কর্মীরা। সব মিলিয়ে সরগরম আসানসোলের ভোট বাজার।
তৃণমূলের ভোট প্রচারে পেট্রোপণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি সামনে এসেছে। চৈত্রে বাজার আগুন হয়ে দাঁড়িয়েছে। জ্বালানির লাগামছাড়া মূল্যবৃদ্ধি যেমন রয়েছে তেমনি অন্যান্য বিষয়ও প্রচারে তুলে ধরা হচ্ছে। শত্রুঘ্ন সিনহার সমর্থনে বিভিন্ন কেন্দ্রে প্রচার-পদযাত্রা ও সভা চলেছে।
আসানসোল লোকসভায় ভোট প্রচারে অভিনবত্ব আনার চেষ্টা বিজেপির। বিজেপির কর্মীরা পথ-নাটিকার মাধ্যমে এই কেন্দ্রের মানুষকে বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করছেন। তোলাবাজি, দুর্নীতি, স্বজনপোষণ ও কাটমানির বিরুদ্ধে সরব হতে দেখা যাচ্ছে গেরুয়া শিবিরকে। পোস্টারে দেখা যাচ্ছে, “বিজেপি আনবে বদল, তাই আসছে দিন ঘরের মেয়েকে পদ্মফুল চিহ্নে ভোট দিন”।
আসানসোলের তীব্র গরমে কাঠফাটা রোদে রীতিমতো ঘাম ঝরছে প্রার্থীদের। রোড শো-তে প্রচারও নজর কাড়ছে। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে,আসানসোলের ৫১ শতাংশ বুথে ওয়েবকাস্টিং করা হবে। অন্য সব বুথগুলিতে থাকবে সিসি ক্যামেরা। পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিতর্কও তৈরি হয়েছে।
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করা জয়প্রকাশ মজুমদার শত্রুঘ্ন সিনহার সমর্থনে প্রচারে সামিল হন। বিজেপিতে থাকাকালীন দলের অন্দরের বৈঠক নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন সভায়। আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়,আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখরা প্রচারে সামিল। পরবর্তীতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,অভিষেক বন্দ্যোপাধ্যায়রা আসানসোলে প্রচারে আসবেন বলে দলীয় সূত্রে খবর। এখন ফলের দিকে তাকিয়ে ভোট বিশ্লেষকরা।

