মুম্বইয়ে প্রয়াত বনরাজ ভাটিয়া

Banraj Vatia-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রয়াত হলেন প্রখ্যাত সঙ্গীত পরিচালক বনরাজ ভাটিয়া (৯৩)। মুম্বইয়ে নিজের বাড়িতেই তাঁর জীবনাবসান হয়। একসময় ওয়েস্টার্ন ক্লাসিকালে তালিম নিয়ে হিন্দি ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে পাশ্চাত্যের সঙ্গে মিলিয়ে দিয়েছিলেন ভারতীয় সঙ্গীতকে। উল্লেখ্য, প্রায় ৭ হাজারেরও বেশি বিজ্ঞাপনের গান বেঁধেছেন তিনি। পাশাপাশি সিনেমার জগতে আর্টহাউস ছবির সঙ্গীতকার হিসেবে তাঁর কাজ জনপ্রিয় হয়। কাজ করেছেন থিয়েটারের মঞ্চে এবং টেলিভিশনেও।

লন্ডনের রয়্যাল অ্যাকাডেমি অব মিউজিক ও প্যারিস কনসার্ভেটরি থেকে পড়াশোনা করেছিলেন তিনি। বনরাজ ষাটের দশকের গোড়ার দিকে দেশে ফিরে দিল্লি বিশ্ববিদ্যালয়ে যোগ দেন ওয়েস্টার্ন মিউজিকোলজি বিভাগে। বিজ্ঞাপনের কাজও শুরু করেছিলেন। ১৯৭২ সালে শ্যাম বেনেগালের ‘অঙ্কুর’-এ সঙ্গীত পরিচালনা করেছেন বনরাজ। এছাড়া অপর্ণা সেনের ‘থার্টিসিক্স চৌরঙ্গী লেন’, কুন্দন শাহের ‘জানে ভি দো ইয়ারো’-সহ অনেক বিখ্যাত ছবির গানে সুরারোপ করেছিলেন তিনি। গোবিন্দ নিহালনির টেলিভিশন ফিল্ম ‘তামস’, শ্যাম বেনেগালের টেলি সিরিজ ‘ভারত এক খোঁজ’-এর মিউজিকও করেছিলেন শিল্পী। ‘তামস’-এর জন্য জাতীয় পুরস্কার পান তিনি। সঙ্গীত নাটক অ্যাকাডেমি ও পদ্মশ্রীর মতো সম্মানে ভূষিত হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *