বর্ধমানের বাঁশদহ বিল পর্যটক টানতে নবরূপে সেজে উঠতে চলেছে

swapan debnath and burdwan

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পর্যটক টানতে নবরূপে সেজে উঠতে চলেছে বর্ধমানের বাঁশদহ বিল। এক্ষেত্রে থাকছে নৌ-বিহারের ব্যবস্থাও। স্থানীয় সূত্রের খবর,পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর এই বিল সংস্কার করতে চলেছে রাজ্য সরকার। এখন সৌন্দর্যায়নের কাজ চলছে বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রের আরও খবর,৫ কিলোমিটার দীর্ঘ এই জলাশয়টিতে তৈরি হচ্ছে ৩টি জেটি। এখানে থাকবে নৌভ্রমণের বন্দোবস্ত।পর্যটক টানার জন্য সাজিয়ে তোলা হচ্ছে বাঁশদহ বিল।এই বিলকে কেন্দ্র করে প্রতিবছর ডিসেম্বরের শেষে অনুষ্ঠিত হয় খাল বিল উৎসব। এক্ষেত্রে জলাভূমি বাঁচিয়ে রেখে পুঁটি, কই, খলসে, মৌরলা -সহ মাছের উৎপাদন বাড়ানো এই উৎসবের মূল উদ্দেশ্য বলে জানা গিয়েছে।এই উৎসবের এবার ২০ বছর পূর্তি হচ্ছে । বাঁশদহ বিল থেকে নিমতলা ব্রিজ পর্যন্ত নৌকা বিহার ও তার আশপাশ এলাকা পরিদর্শন করা হয়েছে প্রশাসনিকভাবে।
জানা যায়, ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রমুখরা।এ বিষয়ে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর তাঁর কাছে গ্রাম অঞ্চলের খাল-বিল সংস্কার নিয়ে প্রস্তাব রাখা হয়েছিল।এরপর তিনি ৫ কিলোমিটার দীর্ঘ এই বাঁশদহ বিল সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করেছেন। পাশাপাশি সেচ দফতরের দেওয়া টাকায় সংস্কার করা হয়েছে বাঁশদহ বিল। বিলের পাড়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলার ভাবনা রয়েছে সরকারের। গড়ে উঠেছে পর্যটকের জন্য আবাসন। দীর্ঘ প্রায় ৫ কিলোমিটার এই বিলের তিন জায়গায় তিনটি জেটির ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।আবার নৌকা বিহারের ব্যবস্থা থাকবে পর্যটকদের জন্য। এই ক্যানেলে সাঁতারের বাৎসরিক প্রতিযোগিতারও আয়োজন করার ভাবনা রয়েছে বলে জানা যায়। নির্জন সবুজের সমারোহে মোড়া বাঁশদহ বিল পর্যটন মানচিত্রে জায়গা করে নেবে বলেও আশাপ্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী।জলাভূমি সংস্কারের ফলে খাল-বিলে নানা স্থানীয় মাছের যোগান বাড়বে। স্থানীয় মৎস্যজীবীদের আয় বাড়বে বলেও জানিয়েছেন মন্ত্রী । আবার পর্যটকদের ভিড় বাড়লে স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানও হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *