বসিরহাটে আদিবাসীদের অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ

Basirhat Adhibasi

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আদিবাসীদের বিক্ষোভ বসিরহাটে। একগুচ্ছ দাবিতে বসিরহাট শহরে আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিক্ষোভ দেখালেন। স্থানীয় সূত্রের খবর, আম্ফান তাণ্ডবে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ-সহ বিভিন্ন দাবিতে সরব হন তাঁরা। তীর-ধনুক নিয়ে মিছিলও করেন আদিবাসীরা। আবার মহকুমা শাসকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করতেও দেখা গিয়েছে। স্থানীয় সূত্রের আরও খবর, ইছামতি ব্রিজ সংলগ্ন রাস্তাও অবরোধ করা হয় কিছু সময়ের জন্য। এরপর প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে অবরোধ উঠে যায়।

এই ঘটনায় পুলিশি নিরাপত্তা ছিল ব্যাপক। জানা গিয়েছে, বসিরহাট শহরের টাউন হল থেকে বিক্ষোভ মিছিল শুরু করে অবস্থান বিক্ষোভ ও পথ অবরোধ করেন আদিবাসীরা। পুলিশী তৎপরতায় অবরোধ উঠে গেলেও দুপুর থেকে বিকেল পর্যন্ত মহকুমা শাসকের অফিস ঘিরে অবস্থান বিক্ষোভ চলে। এক্ষেত্রে আদিবাসীদের পক্ষ থেকে অভিযোগ করে জানানো হয়েছে, প্রকৃত ক্ষতিগ্রস্তরা আম্ফান-এর ক্ষতিপূরণ পাচ্ছেন না। পাকা ঘরের মালিক ও নেতারা ক্ষতিপূরণের টাকা নিয়েছেন। প্রকৃত ক্ষতিগ্রস্তরা টাকা চাইলে তাঁদের হুমকিও দেওয়া হচ্ছে। আবার বৃহত্তর আন্দোলনের দাবিও জানানো হয়েছে আদিবাসীদের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *