ব্যাঙ্ক প্রতারককে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানা
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: গ্রাহকের অজান্তে ফাঁকা হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এবার সেই চক্রের এক মাথাকে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। অভিযোগ, সল্টলেকের এক বেসরকারি ব্যাঙ্কের গ্রাহকের এসএমএস ও ই-মেল আইডি পরিবর্তন করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৩ কোটি টাকা প্রতারণার করা হয়েছে। আর সেই অভিযোগেই গ্রেপ্তার করা হল ১ জনকে। সূত্রের খবর, অভিযুক্তের নাম সমীরণ সাহা। তিনি খড়দহের বাসিন্দা। অভিযুক্ত অ্যান্টিক জিনিসপত্রের ব্যবসার সঙ্গে যুক্ত। পুলিশের অনুমান, কোনওভাবে যাবতীয় তথ্য পেয়ে যাচ্ছিল ওই অভিযুক্ত ব্যক্তি। এই ঘটনায় ব্যাঙ্কের কোনও কর্মী জড়িত আছে কিনা তার খোঁজ চালাচ্ছে পুলিশ। আজ ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গত ৩০ জুলাই সল্টলেকের সেক্টর ফাইভের এক বেসরকারি ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজার পক্ষে থেকে অভিযোগ করা হয়, বাগুইআটি এলাকায় ওই ব্যাঙ্কের ব্রাঞ্চ থেকে এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে তাঁর অজান্তেই প্রায় তিন কোটি টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। সেই অভিযোগ মতো পুলিশ তদন্তে নামে। এরপর বিধাননগর সাইবার ক্রাইম থানা গেলে আধিকারিকরা তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ খড়দহের বাসিন্দা সমীরণ সাহাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে আরও খবর, জিজ্ঞাসাবাদের পর জানা যায়, অভিযুক্ত সমীরণ কোনওভাবে ওই ব্যাঙ্কের গ্রাহকদের তথ্য সংগ্রহ করে নেয়। এরপর গ্রাহক পরিচয় দিয়ে সমস্ত তথ্য দিয়ে ব্যাঙ্কে জানায়, কোনও কারণবশত তার ব্যাঙ্কের এসএমএস অ্যালার্ট নম্বর ও ই-মেল আইডি পরিবর্তন করতে হবে। সেইমতো ব্যাঙ্ক কর্তৃপক্ষ সেগুলি পরিবর্তন করে দেয়।
এরপর বিভিন্ন কৌশলে ওই গ্রাহকের খাতা থেকে বিভিন্ন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে নেয় অভিযুক্ত। এইভাবেই সে প্রতারণা করত বলে পুলিশ অনুমান করছে। যেহেতু এসএমএস অ্যালার্ট নম্বর পরিবর্তন হয়ে গেছে, সেই কারণে গ্রাহক কিছুই জানতে পারত না। অভিযুক্ত কীভাবে ব্যাঙ্কের গ্রাহকের ডিটেলস পেয়ে যেত ? এই সব কিছুর পিছনে ব্যাঙ্কের কেউ জড়িত আছে বলেও অনুমান করছে পুলিশ। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়েছে।

