রাজ্য সরকারের কোপের মুখে বাইক ট্যাক্সি

Bike Taxi

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আধুনিক যুগে বাড়ছে বাণিজ্যিক কাজে বাইকের চাহিদা ও ব্যবহার। এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আইনে বদল আনতে চলেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, বাণিজ্যিক যানবাহনের তালিকায় ২ চাকার ট্যাক্সির নতুন অন্তর্ভুক্তি ঘটিয়ে করের আওতায় আনা হচ্ছে এবার। কয়েক বছর আগে এই বাইক ট্যাক্সি প্রকল্প আসায় রাজ্যের বহু বেকার যুবক নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছিল। এবার তাঁদের থালাতেও পড়তে চলেছে ছাই। চুক্তির ভিত্তিতে বা অন্যান্য বাণিজ্যিক কাজে ব্যবহার হয় যেসব গাড়ি, তার মধ্যে এখন ২ চাকার যান নেই। আইন সংশোধন করে এবার “বাইক-ট্যাক্সি”র জন্য বিধি চালু করতে তৎপর হয়েছে পরিবহণ দফতর। বাইক-ট্যাক্সির সংজ্ঞা নির্ধারণ করে দেওয়ার পাশাপাশিই তার উপরে কর বসানোর ব্যবস্থা করতে এই বিল আসছে। উল্লেখ্য, বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল, শুক্রবার থেকে। এই অধিবেশনেই “দ্য ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিকলস ট্যাক্স (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২০” পেশ হওয়ার কথা। প্রসঙ্গত, যানবাহনের উপর করের যে কাঠামো ১৯৭৯ সালের আইনে ছিল, তাতে সংশোধনী আনা হচ্ছে এই বিলে। কন্ট্রাক্ট ক্যারেজ হিসেবে বা নির্দিষ্ট পারমিট নিয়ে চালু ২ চাকার গাড়ির পাশাপাশি পণ্য সরবরাহ বা যে-কোনও বাণিজ্যিক কাজে ব্যবহৃত মোটরসাইকেলকেই “বাইক-ট্যাক্সি” হিসেবে গণ্য করার কথা বলা হয়েছে। বাইক-ট্যাক্সির মোট মূল্যের ১.২ শতাংশ অথবা ৭৮০ টাকা- এর মধ্যে যেটা বেশি অঙ্কের হবে, সেটাই হবে করের পরিমাণ। বিলে আরও বলা হয়েছে, বাইক-ট্যাক্সির সংজ্ঞা নির্ধারণ করে আইনে তার অন্তর্ভুক্তি এবং কর বিন্যাসের প্রয়োজনে ১৯৭৯ সালের মোটর ভেহিকলস কর আইন সংশোধন করা প্রয়োজনীয়। আগামী সপ্তাহে পরিবহণ বাজেট নিয়ে বিতর্কের দিনই এই বিল পেশ হবে এবং ১ ঘন্টা আলোচনা হওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *