বিজেপি বিধায়কদের সাসপেনশন প্রত্যাহার

bjp mla and assembly

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়কদের সাসপেনশন প্রত্যাহার করা হল। বিজেপির পক্ষ থেকে আবেদন করা হলে সাসপেনশন প্রত্যাহারের কথা জানিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ।

এক্ষেত্রে জানা যায়, গত সোমবার স্পিকার জানিয়েছিলেন,সাসপেনশন প্রত্যাহারের আবেদনের বিষয়ে পদ্ধতিগত ত্রুটি থাকায় তা গ্রহণ করা হয়নি। এরই প্রতিবাদে বিধানসভা গেটের বাইরে অবস্থান বিক্ষোভে সামিল হয় বিজেপি বিধায়করা। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে জানিয়েছিলেন, প্রস্তাব বা মোশন এলে আলোচনা করে বিষয়টি মিটিয়ে নেওয়া সম্ভব হতো । শেষ পর্যন্ত বিজেপির পক্ষ থেকে আবেদন করা হলে সাসপেনশন প্রত্যাহারের কথা জানান স্পিকার।

উল্লেখ করা যায়, গত ১০ জুন থেকে শুরু হয়েছে বিধানসভার বাদল অধিবেশন। তা চলবে ১৭ জুন অবধি। এই অধিবেশনে পেশ হওয়ার সম্ভাবনা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল। এক্ষেত্রে বিরোধী বিধায়কদের উপস্থিতি নিয়ে জল্পনা বিভিন্ন মহলে। প্রসঙ্গত, গত অধিবেশনে বিধানসভা কক্ষে বিশৃঙ্খলার অভিযোগে সাসপেন্ড করা হয় ৭ বিজেপি বিধায়ককে। সেই সাসপেনশন তোলার জন্য আবেদন করা হয় বিজেপির পক্ষ থেকে । তাতে পদ্ধতিগত ত্রুটি রয়েছে বলে জানান স্পিকার। নতুন করে আবেদন করার কথা বলা হয়।

উল্লেখ করা যেতে পারে,হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা দু-পক্ষকেই বিধানসভার অন্দরে বসে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। বিজেপি-র পরিষদীয় দল আদালতের পরামর্শ মেনেই বিধানসভায় প্রস্তাব আনার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সেই সাসপেনশন প্রত্যাহার হল আজ।
(ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *