নেপালিদের বেইদু নেভিগেশনের কোর্স করাচ্ছে চিন

beidou

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নেপালের অভ্যন্তরে আরও এক ধাপ এগিয়ে এল চিন। এবার চিন প্রশাসন নেপালি রাজনীতিবিদদের এই বিশেষ কোর্স করাচ্ছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বেইদু নেভিগেশন স্যাটেলাইট সিস্টেমের ওপর ভিত্তি করে অনলাইন এবং অফলাইনে এই কোর্স করানো হচ্ছে। ক্লাস নেওয়া হচ্ছে সুদূর বেজিং থেকে। জানা গিয়েছে, চিনের বিশেষ আমন্ত্রণে এই কোর্সে যোগ দিয়েছেন নেপালি রাজনীতিবিদরা।

সূত্রের আরও খবর, গত ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই ক্লাস। এক্ষেত্রে তা চলবে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত। এই ক্লাসে চিনের পক্ষ থেকে নেপালি রাজনীতিবিদদের শিক্ষা, গবেষণা, বিজ্ঞান ও অন্যান্য ক্ষেত্রে জিপিএস এবং অন্যান্য অ্যাপ্লিকেশনের কাজের পদ্ধতি শেখানো হচ্ছে বলে খবর।

পাশাপাশি মার্কিন গ্লোবাল পজিশনিং সিস্টেমের একচেটিয়া অধিকার ধ্বংস করা ও নিজস্ব নেভিগেশন সিস্টেম চালানোর লক্ষ্যেই এই কোর্স করানো হচ্ছে বলে কূটনৈতিকমহলের ধারণা। প্রসঙ্গত, প্রতিরক্ষা ও অসামরিক ক্ষেত্রে বেইদু সিস্টেম ব্যবহার করে চিন। এবার সেই সিস্টেমের খুঁটিনাটি নেপালিদেরও শেখাবে তারা।

উল্লেখ্য, চিনের বিরুদ্ধে নেপাল-চিন সীমান্তবর্তী গ্রামগুলি দখলের অভিযোগ শোনা যাচ্ছিল। অন্যদিকে চিন সরকারকে ক্ষুব্ধ করতে নারাজ নেপাল এক্ষেত্রে কোনও সদর্থক পদক্ষেপও করতে পারছে না। বিশেষজ্ঞরা জানিয়েছেন, জিপিএসের প্রতিদ্বন্দ্বী হিসেবে বেইদু বিশ্বের চতুর্থ স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম হিসেবে কাজ করে। ভারতেরও রয়েছে নিজস্ব রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। যার প্রয়োগ সংক্রান্ত নাম ‘নাবিক’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *