জেনে নিন চিনে বাদামের গুণ

Chinese Nuts

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চিনে বাদাম অতি গুরুত্বপূর্ণ। চাষ শুরু হয়েছে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায়। চিনে বাদামের গুণ আজ আর কারও অজানা নয়। আয়ুর্বেদশাস্ত্র অনুযায়ী জানা গিয়েছে, এটি খেতে সুস্বাদু, মিষ্টি স্বাদের ও রুচিকর। আবার বলকারক, পুষ্টিকর ও দুর্বলতা নাশক হিসেবেও এটি গুরুত্বপূর্ণ। আয়ুর্বেদ চিকিৎসক ও বিশেষজ্ঞরা বলছেন, চিনে বাদাম সামান্য পরিমাণে খেতে হয়। কাঁচা বাদাম জলে ভিজিয়ে বা ভেজে খোসা ছাড়িয়ে খাওয়া যেতে পারে।

আয়ুর্বেদ চিকিৎসক বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, ভাজা চিনে বাদামের খোসা ছাড়িয়ে বেটে জল দিয়ে সরবত তৈরি করেও খাওয়া যেতে পারে। উল্লেখ করা যায়, সকালে ব্যায়াম ও হাঁটার পর ভেজানো বাদাম খাওয়া যেতে পারে। চিনে বাদাম খেলে অনেকের আলার্জি হয়ে থাকে। খুব ছোট বাচ্চাদের খাওয়ানো ঠিক হবে না। চিনে বাদামে পাওয়া যায় প্রচুর পরিমাণে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, সোডিয়াম, পটাশিয়াম ও ফসফরাস।

এছাড়া ক্লোরিন, আয়রন, কপার, জিঙ্ক, ভিটামিন- এ, বি, সি, ডি, ই প্রভৃতি পাওয়া যায় চিনে বাদামে। কয়েকটি অ্যামাইনো অ্যাসিডও পাওয়া যায়। মস্তিষ্ক গঠনে ও তার কার্যকারিতায় চিনে বাদামের বিশেষ গুরুত্ব রয়েছে। এটি গর্ভস্থ শিশুর ব্রেনসেল গঠনেও কার্যকরী ভূমিকা নিয়ে থাকে। আয়ুর্বেদশাস্ত্র মতে, চিনে বাদাম ১০ থেকে ২০ গ্রাম পর্যন্ত খাওয়া উপকারী। অতিরিক্ত খেলে হজমের সমস্যা, অম্ল ও অন্যান্য উপসর্গ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে।

অতিরিক্ত খাওয়ার ফলে অনেক সময় শ্বাসকষ্ট, আলার্জি, বুকজ্বালা অজীর্ণ প্রভৃতি হতে পারে। অধিক মাত্রায় খেলে ক্যালোরি বাড়বে এবং স্থূলতা আসবে। ভাজা চিনে বাদাম ভাত খাওয়ার পূর্বে খেলে খিদে কমে যায়। আহার গ্রহণে বাধা সৃষ্টি করে। জন্ডিসে বা গ্যাসট্রাইটিসে আক্রান্ত হলে চিনে বাদাম না খাওয়াই ভাল। তবে দুর্বলতা, অপুষ্টি, রোগের দুর্বলতায় ভাজা চিনে বাদামের সরবত তৈরি করে খাওয়া যেতে পারে। এক্ষেত্রে আয়ুর্বেদ চিকিৎসকরা বলছেন, প্রথমে ১০ গ্রাম দিয়ে শুরু করা যেতে পারে। ২০ গ্রামের বেশি সারাদিনে খাওয়া উচিত হবে না। শরীর ও মনের স্বাস্থ্য-রক্ষায় কাঁচা চিনে বাদাম ৪-৬টি খাওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *