malda pujoOthers 

করোনা বিধি-নিষেধ অমান্য করলে পরবর্তী বছর থেকে পুজোর অনুমতি নয় : নির্দেশিকা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা বিধি নিষেধ না মানলে বা সরকারি নির্দেশ এড়িয়ে গেলে আগামীতে আর মিলবে না দুর্গাপুজোর অনুমোদন। স্থানীয় সূত্রের খবর, মালদহের পুলিস সুপার অলোক রাজোরিয়া পুজোর উদ্যোক্তাদের উদ্দেশ্যে এমনই বার্তা দিয়েছেন। উল্লেখ্য, মালদহ পুলিস লাইনে দুর্গাপুজোর গাইড ম্যাপ প্রকাশ করা হয়। এই সংক্রান্ত বিষয়ে আয়োজিত অনুষ্ঠানে মালদহের জেলাশাসক রাজর্ষি মিত্রও উপস্থিত ছিলেন। পুলিস সুপার এ বিষয়ে জানিয়েছেন, আমরা ইতিমধ্যে বেশ কিছু মণ্ডপ পরিদর্শন করেছি।

জেলাশাসককে সঙ্গে নিয়ে উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছি। এক্ষেত্রে করোনা মোকাবিলায় সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েও দেওয়া হয়েছে। তাঁর আরও বক্তব্য, উচ্চ আদালতের নির্দেশও আমাদের কাছে এসে পৌঁছেছে। এবার যে সমস্ত পুজো কমিটি করোনা সংক্রান্ত সরকারি নির্দেশ অমান্য করবে, তাদের আমরা পরের বছর আর পুজো করার অনুমোদন দেব না। এবারেও সংশ্লিষ্ট পুজো কমিটির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। পুলিস সূত্রে খবর, এ বছর ইংলিশবাজার শহরে ছোট বড় মিলিয়ে দু’শোর মতো দুর্গাপুজো হয়েছে।

এক্ষেত্রে আরও জানা গিয়েছে, পুজোর ৫ দিন যান চলাচল নিয়ন্ত্রণে এবার শহরের বিভিন্ন জায়গায় ৫২টি ড্রপ গেট করা হয়েছে। পুলিস কর্মীরা ড্রপ গেট পাহারা দেবেন বলে জানা যায়। পাশাপাশি এবার কঠিন-কঠোরভাবে বিধিনিষেধ মানার নির্দেশ এসেছে। পুলিশ সূত্রের আরও খবর, ড্রপ গেট ছাড়াও ১৪টি পুলিসি সহায়তা কেন্দ্র ও চারটি পার্কিং জোন খোলা হবে। পাশাপাশি ৩৪টি পুলিস পিকেটও থাকছে বলে জানা যায়।

Related posts

Leave a Comment