প্লাস্টিকের পরিবর্তে এবার রাজ্যে কাপড়ের ব্যাগ ব্যবহার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্লাস্টিকের বদলে সুতির ব্যাগ। সূত্রের খবর, বৈদ্যুতিক চুল্লির যান্ত্রিক ক্রটি ও দূষণ এড়ানোর জন্য প্লাস্টিক ব্যাগে আর করোনা আক্রান্তদের মরদেহ ভরা হবে না। তার পরিবর্তে গোটা রাজ্যে কাপড়ের ব্যাগ ব্যবহার চালু করতে চলেছে রাজ্য সরকার। সরকারিভাবে জানানো হয়েছে, এক্ষেত্রে প্রথম দফায় ‘বঙ্গশ্রী’ ও ‘তন্তুজ’ সুতির কাপড়ের তৈরি ১৩০০ ব্যাগ সরবরাহ করেছে রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরকে।
অন্যদিকে প্রশাসনের একটি স্তরে অভিযোগ করা হয়েছে, প্লাস্টিক ব্যাগের কারণে বৈদ্যুতিক চুল্লিতে যান্ত্রিক সমস্যা তৈরি হচ্ছিল। এমনকী কালো ধোঁয়া বেরিয়ে দূষণও বেড়ে চলেছে। আবার কবর দেওয়া হলেও প্লাস্টিক মাটিতে মিশে তার জৈবিক চরিত্র বদলে যাওয়ার সম্ভাবনা বেড়েছে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তর সূত্রের খবর, একদিকে চুল্লি খারাপ হচ্ছে। অন্যদিকে মাটিতে মিশে দূষণ ছড়িয়ে চলেছে প্লাস্টিক। সেকথা ভেবেই গোটা রাজ্যেই এবার সুতির কাপড়ের তৈরি ব্যাগ ব্যবহার চালু করা হচ্ছে। এবার সব জায়গাতেই ওই ব্যাগ পাঠানো হবে বলেও জানা যায়।

