নির্বাচনে ড্রোনে নজরদারি গোসাবায়

Drone Camera

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার ড্রোনের মাধ্যমে গোসাবার ৯ দ্বীপে নজরদারি চালানো হবে। রাজ্যের দ্বিতীয় দফা ভোট ১ এপ্রিল। একইদিনে সুন্দরবনের দ্বীপ অঞ্চল গোসাবায় হবে ভোটগ্রহণ। নির্বাচনকে সামনে রেখেই কমিশন নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দিয়েছে বনাঞ্চলের এই বিধানসভা ক্ষেত্রগুলিতে। সূত্রের খবর, বারুইপুর জেলা পুলিস ও বাহিনী মোতায়নের পাশাপাশি এখানে এ বছর প্রথম ড্রোন ক্যামেরার ব্যবস্থা করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। দীপাঞ্চলের ৯টি দ্বীপেই এই ড্রোন ব্যবহার করা হবে। পাশাপাশি প্রতিনিয়ত নজরদারি চালানো হবে কন্ট্রোল রুমে বসেই।


পুলিশ সূত্রে আরও খবর, এই ড্রোন-ক্যামেরার মাধ্যমে ৯টি দ্বীপের প্রায় সবকটি গ্রাম পঞ্চায়েতের বুথের সামনে নজরদারি চালানো হবে। জানা গিয়েছে, আকাশপথে নজরদারির জন্য২-৩টি গ্রাম পঞ্চায়েতের জন্য বরাদ্দ করা হয়েছে একটি করে ড্রোন। প্রচারের শেষ দিন থেকেই গোসাবার বিভিন্ন দ্বীপে পরীক্ষামূলকভাবে ওড়ানো হবে ড্রোন। মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে যেতে পারেন সেকারণে এই পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন।

আরও জানা গিয়েছে, যেসব জায়গায় থেকে গণ্ডগোলের খবর আসবে সেখানেই পাঠানো হবে ড্রোন। গোটা ঘটনার ছবি ক্যামেরায় লোড করা হবে। তা সরাসরি দেখা যাবে কন্ট্রোল রুম থেকে। চুনোখালিতে একটি এবং বারুইপুর পুলিশ জেলায় মূল কন্ট্রোল রুম থাকবে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, গোসাবা ব্লকের অন্তর্গত এই বিধানসভা কেন্দ্রে সব মিলিয়ে মোট ৩২৬টি বুথ রয়েছে। অন্যদিকে গোসাবার বেশ কিছু এলাকায় গোলমালের আশঙ্কা করছে প্রশাসন। তাই ভোটের দিন সকাল থেকেই প্রতিটি এলাকায় ড্রোন ঘুরতে দেখা যাবে। প্রতিটি ভিডিও আলাদা করে ‘লোড’ এবং পাসওর্য়াড দিয়ে ‘লক’ করা হবে। ভবিষ্যতে বাকি কেন্দ্রগুলিতেও এই ব্যবস্থা প্রয়োগ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *