পূর্ব মেদিনীপুর জেলায় ঘূর্ণিঝড়ের সতর্ক বার্তা প্রশাসনের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:বুধবার “যশ” এর সঙ্গে রয়েছে ভরা কোটালও। এ বিষয়ে দিঘা-মন্দারমণিতে সতর্ক বার্তা দিয়েছে প্রশাসন।
পূর্ব মেদিনীপুর জেলায় ইতিমধ্যে এন ডি আর এফ ও এস ডি আর এফ পৌঁছে গিয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, ঘূর্ণিঝড় “যশ”আছড়ে পড়ার সম্ভাবনা পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী এলাকায় । এই আবহে সমুদ্র তীরবর্তী গ্রামগুলিতে চলেছে জোরদার নজরদারি। উল্লেখ করা যায়, দিঘা থেকে খেজুরি পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র তীরবর্তী অঞ্চল । এই সব এলাকায় রয়েছে নিউ দীঘা, ওল্ড দিঘা, তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি,উদয়পুর, বগুরান জলপাই, রামনগর ও কাঁথি। এই অংশ জুড়ে রয়েছে একাধিক গ্রামও। ফলে ঘূর্ণিঝড় “যশ” মোকাবিলায় এই সব গ্রামের বাসিন্দাদের অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়েছে।
স্থানীয় সূত্রের খবর,এই ঘূর্ণিঝড়ের জেরে ক্ষতির আশঙ্কা রয়েছে রামনগর, কাঁথি ও খেজুরির মোট ৬টি ব্লকের। এর মধ্যে রামনগর ১ নম্বর ব্লকের শঙ্করপুর থেকে তাজপুর পর্যন্ত জামড়া বাঁধ মেরামতির কাজ চলছে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রের খবর, বাঁধ এলাকায় ব্ল্যাক স্টোন ফেলে চলেছে কাজ ৷ এই সব এলাকার গ্রামবাসীদের দ্রুত সরানোর কাজ শুরু হয়েছে। এবার ত্রাণ শিবিরের সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানা যায়। কোভিড সতর্কতা মেনে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে সেখানে। দিঘা, মন্দারমণি ও তাজপুর সমুদ্র তীরে চলছে মাইকিং। ব্যবসায়ীদের পক্ষ থেকে জিনিস পত্র সরানোর তৎপরতাও শুরু। বুধবার ভরা কোটাল থাকায় সমুদ্রের জল ছাপিয়ে দোকানে প্রবেশ করার সম্ভাবনা থাকছে । মালপত্র সরানোর কাজ শুরু হয়েছে দ্রুত।

