train and travelBreaking News Others 

লোকাল ট্রেন পরিষেবা সচল করতে রাজ্যকে আবেদন পূর্ব রেলের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাড়তে চলেছে স্পেশাল ট্রেন। চালু হচ্ছে দূরপাল্লার ট্রেনও। এবার লোকাল চালানোর জন্য রাজ্যকে আবেদন জানিয়েছে পূর্ব রেল,এমনটাই খবর। পূর্ব রেল সূত্রে জানা যায়, হাওড়া-শিয়ালদহ শাখায় চালু হতে চলেছে দূরপাল্লার ট্রেন । অন্যদিকে লোকাল ট্রেন চালানোর আবেদন জানিয়ে রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। রাজ্যের করোনা পরিস্থিতি বিচার করে হাওড়া-শিয়ালদহ শাখায় চালু হচ্ছে দূরপাল্লার ট্রেন ।

উল্লেখ করা যায়,করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের জেরে আবারও লোকাল ট্রেন পরিষেবা বন্ধ হয়। কেবলমাত্র স্টাফ স্পেশাল ট্রেন চলেছে। করোনা আবহের জেরে স্পেশাল ট্রেনগুলির সংখ্যাও কমিয়ে দেওয়া হয়। রেল সূত্রের খবর,এই মুহূর্তে শিয়ালদা ও হাওড়া ডিভিশনে স্টাফ স্পেশাল ট্রেন চালু রয়েছে। তবে এটি যথেষ্ট নয় বলেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি ট্রেন পরিষেবা স্বাভাবিক করতে অনুমতি চাওয়া হয়েছে রাজ্যের।

আবার বিভিন্ন রুটে বাড়ানো হচ্ছে স্পেশাল ট্রেনের সংখ্যাও। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, রুটের যাত্রী সংখ্যা অনুযায়ী বাড়ানো হচ্ছে স্পেশাল ট্রেনের সংখ্যাও। আগামী ১৬ ও ১৭ জুন থেকে ফের চালু হতে চলেছে দূরপাল্লার বেশ কয়েক জোড়া ট্রেন। রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণকরেছে আগামী ১৬ জুন থেকে চালানো হবে একাধিক রুটে দূরপাল্লার ট্রেন। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে,৩৩ জোড়া স্পেশাল ট্রেন ফের চালু করা হবে। তবে রাজ্য সরকার সম্মতি না দিলে পশ্চিমবঙ্গে বন্ধ থাকবে লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবা। এক্ষেত্রে বলা হয়,দূরপাল্লার ট্রেনের বিষয়ে বেশকিছু নিয়ম বিধি মেনেই যাত্রীদের ট্রেন সফর করতে হবে।

১৬ জুন থেকে চালানো হবে কোন কোন ট্রেন তা একনজর দেখে নেওয়া যেতে পারে। যেমন- শিয়ালদহ- নিউ আলিপুরদুয়ার স্পেশ্যাল, শিয়ালদহ- বালিয়া স্পেশ্যাল, শিয়ালদহ- জয়নগর স্পেশ্যাল, শিয়ালদহ- আলিপুরদুয়ার স্পেশ্যাল, হাওড়া- রাঁচি শতাব্দী স্পেশ্যাল, শিয়ালদহ- নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল, কলকাতা- বালুরঘাট স্পেশ্যাল, কলকাতা- হলদিবাড়ি স্পেশ্যাল, হাওড়া- কাটিহার স্পেশ্যাল, হাওড়া- দেরাদুন স্পেশ্যাল, হাওড়া- যোগনগরী হৃষিকেশ স্পেশাল, হাওড়া- লালকুয়া স্পেশ্যাল, হাওড়া- ভোপাল স্পেশ্যাল, হাওড়া- গুয়াহাটি স্পেশ্যাল, হাওড়া- আগরতলা স্পেশ্যাল, হাওড়া- রক্সৌল এক্সপ্রেস, হাওড়া ও শিয়ালদহ- নিউ দিল্লি এসি স্পেশ্যাল, হাওড়া ও শিয়ালদহ-বিকানের স্পেশ্যাল।

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যে লকডাউন জারি হওয়ার পর থেকে কেবলমাত্র জরুরি বিভাগের সঙ্গে যুক্ত কর্মীদের কর্মস্থলে পৌঁছে দেওয়ার তাগিদে বিশেষ ট্রেন চালু রাখা হয় । পরবর্তীতে রাজ্য সরকারের নির্দেশ মতো এইসব ট্রেনগুলিতে স্বাস্থ্য ও অন্যান্য কয়েকটি জরুরি বিভাগের কর্মীরাও যাতায়াত শুরু করেন। তবে এত কম সংখ্যক বিশেষ ট্রেনে করোনা বিধি মানা সম্ভব হচ্ছে না। গন্তব্যস্থলে যাওয়ার জন্য এই ট্রেনগুলিতে উঠে পড়ছেন সাধারণ যাত্রীরাও। ট্রেনগুলিতে ভিড়ও বাড়ছে। এই অবস্থায় করোনা আরও ছড়াতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ।

Related posts

Leave a Comment