আপত্তিকর মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ কমিশনের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আপত্তিকর মন্তব্যের জেরে নোটিশ নির্বাচন কমিশনের। সূত্রের খবর,মডেল কো়ড অব কন্ডাক্ট যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হল। তালিকায় বেশ কয়েকজন নেতৃত্ব। রয়েছেন শুভেন্দু অধিকারীও।
এক্ষেত্রে কমিশন সূত্রে জানা যায়, মুখ্যমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় এই নোটিশ পাঠানো হয়েছে। সেই অনুযায়ী উত্তরও দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তবে কমিশন সেই ব্যাখ্যায় খুশি নয় বলেও জানা গিয়েছে। এরপরই এমন মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়েছে ।
উল্লেখ্য,নন্দীগ্রাম পর্বে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে শুভেন্দু অধিকারীর অভিমত ছিল, তিনি নন্দীগ্রামে জয়ের কথা ভাবছেন সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের দিকে লক্ষ্য রেখে। এই নিয়ে চাপানউতোর তুঙ্গে ওঠে। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপত্তিকর ভাষায় সম্বোধন করেছেন বলে অভিযোগ তৃণমূলের। এরপর শুভেন্দুকে ৯ এপ্রিল শো-কজ করে কমিশন।
সূত্রের আরও খবর,শুভেন্দু এই শো-কজের প্রত্যুত্তরে লিখিত জানিয়েছেন, তিনি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ায় বিশ্বাস করেন। তিনি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে চাননি বলেও জানান। এক্ষেত্রে তিনি আরও লিখেছেন,ভোটের জন্য তিনি কোনওভাবেই সাম্প্রদায়িকতার আশ্রয় নেননি। কমিশনের মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর ভরসা রাখার কথাও জানান তিনি। এরপরও কমিশন সন্তোষপ্রকাশ করেনি। কমিশন সূত্রে জানানো হয়েছে,শুভেন্দু অধিকারীকে সতর্ক করেই এবারের মতো ছাড় দেওয়া হচ্ছে।
এ বিষয়ে আরও জানা গিয়েছে, শুভেন্দু ছাড়াও কমিশনের কোপে বিজেপির কয়েকজন নেতৃত্বও। শীতলকুচি কাণ্ডে বিতর্কিত মন্তব্য করার জন্য রাহুল সিনহাও কমিশনের কোপে। আগামী২দিন তিনি প্রচার করতে পারবেন না। আবার বিজেপির রাজ্য সভাপতির কাছেও শীতলকুচি নিয়ে মন্তব্যের জন্য ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছে কমিশন। যথাযথ উত্তর না পেলে পদক্ষেপ গ্রহণের কথাও জানানো হয়েছে কমিশনের চিঠিতে।
অন্যদিকে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুূব্রত মণ্ডলকে শো কজ করেছে কমিশন ৷ আপত্তিকর মন্তব্যের জেরে তাঁকে কারণ দর্শানোর নোটিস নির্বাচন কমিশনের। বীরভূম জেলা প্রশাসনের মাধ্যমে এই নোটিস পাঠানো হয়েছে বলে খবর। দ্রুত শো কজের জবাব দিতে হবে বলেও জানা যায়।

