কাল মেদিনীপুরে ভোট -যুদ্ধ ঘিরে কৌতূহল তুঙ্গে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: লড়াইয়ে জুন, বিরবাহা এবং সুশান্ত ঘোষ। কাল ২৭ মার্চ রাজ্যের ৩০ আসনে নির্বাচন ৷ তার মধ্যে ৮টি আসন রয়েছে, যেগুলির দিকে নজর থাকবে রাজনৈতিক বিশ্লেষকদের। এখানে রয়েছেন তারকা প্রার্থী বা কোথাও রাজনৈতিক সমীকরণ আলাদা। আগ্রহ রয়েছে আমজনতারও।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কাঁথি উত্তর এবং কাঁথি দক্ষিণ কেন্দ্র নিয়ে উৎসাহ বাড়ছে। শুভেন্দু এবং শিশির অধিকারীর বিজেপি-তে যোগদানের পর গোটা পূর্ব মেদিনীপুরের ফলাফল নিয়ে আগ্রহ তুঙ্গে। গোটা দেশের রাজনৈতিক মহলে চর্চাও রয়েছে। নিজেদের গড় হিসাবে চিহ্নিত কাঁথির দুই কেন্দ্র শাসক দল তৃণমূলের থেকে ছিনিয়ে নিতে পারে কিনা, এখন সেটাই দেখার। লোকসভা ভোটের নিরিখে দুই কেন্দ্রেই এগিয়ে তৃণমূল কংগ্রেস ৷
অন্যদিকে শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগদানের পর জেলায় তৃণমূলের সংগঠনকে ধরে রাখতে অখিল গিরির উপরেই বড় ভরসা দলের। তিনি রামনগরে তৃণমূলের প্রার্থী ৷ এই আসনে বিজেপি-কে শুভেন্দু জেতাতে পারেন কিনা, সেটাই দেখার বিষয়। অখিল গিরি শেষ হাসি হাসবেন কিনা সে বিষয়ে আগ্রহ রয়েছে বিশ্লেষকদের। লোকসভা নির্বাচনের নিরিখে এই কেন্দ্রে সামান্য এগিয়ে তৃণমূল ৷ মেদিনীপুর কেন্দ্র থেকে এবার অভিনেত্রী জুন মালিয়া প্রার্থী হয়েছেন তৃণমূলের। জুন প্রার্থী হওয়ায় এই কেন্দ্র ঘিরে আমজনতার আগ্রহ বেড়েছে। এই কেন্দ্রে লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী ১৬ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি ৷ এখানে তৃণমূলকে লড়াই দিতে হবে বলে মনে করছেন অনেকেই।
গড়বেতা থেকে লড়লেও এবার শালবনি কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ ৷ তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী ওই কেন্দ্রের দু- বারের বিধায়ক শ্রীকান্ত মাহাতো ৷ লোকসভা নির্বাচনের হিসাবে জঙ্গলমহলের এই আসনে দু’ নম্বরে রয়েছে বিজেপি ৷ রাজীব কুণ্ডু এবার বিজেপি প্রার্থী। মিলিয়ে ভোট -যুদ্ধ সরগরম।
খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

