বুূয়েনস আয়ার্সে সমাহিত “ফুটবল ঈশ্বর” মারাদোনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পিতা-মাতার পাশেই সমাহিত করা হল ফুটবলের কিংবদন্তি দিয়েগো আর্মান্দো মারাদোনাকে। তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য ভক্তদের ভিড় উপচে পড়ে। মারাদোনার অন্তিম সজ্জার পাশে অনুগামীদের ঢল নামে। সূত্রের খবর, বুূয়েনস আয়ার্সে সমাহিত করা হল ফুটবলের রাজপুত্র দিয়েগোকে। আর্জেন্টিনার রাজধানীর একটি সমাধিক্ষেত্রে ফুটবলের “ঈশ্বর”-এর শেষকৃত্য সম্পন্ন হয়েছে৷ শেষকৃত্যের সময় শুধুমাত্র মারাদোনার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠরা উপস্থিত ছিলেন ৷
দিয়েগো মারাদোনার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে শোকের ছায়া আর্জেন্টিনা সহ গোটা বিশ্বে ৷ প্রশাসনিকভাবে ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে দেশে ৷ তাঁর শেষ শ্রদ্ধা জানাতে এসে কান্নায় ভেঙে পড়েছেন অগণিত ভক্তরা ৷ প্রিয় তারকা ফুটবলারের কফিনের উদ্দেশে অনেকে ছুড়ে দিয়েছেন চুমু৷ মারাদোনার ১০ নম্বর জার্সি পরেই ফুটবলের রাজপুত্রকে শেষ শ্রদ্ধা জানান বহু মানুষ। বুয়েনস আয়ার্সের রাস্তায় শোনা যায় মানুষের কান্নার স্বরও।
সূত্রের আরও খবর,আর্জেন্টিনার জাতীয় পতাকা এবং জাতীয় দলের হয়ে তাঁর পরা দশ নম্বর জার্সি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল মারাদোনার কফিন ৷ সাধারণ মানুূষকে অন্তিম শ্রদ্ধা জানানোর সুযোগ দিতে প্রেসিডেন্সিয়াল প্যালেসে রাখা ছিল মারাদোনার কফিন ৷ শেষ শ্রদ্ধা জানানোর জন্য ছিল দীর্ঘ লাইন। ভিড় আটকানোর চেষ্টা করে পুলিশ ৷ মারাদোনা ভক্তদের আটকাতে টিয়ার গ্যাস এবং রবার বুলেটও ব্যবহার করতে হয় পুলিশকে। শেষপর্যন্ত মারাদোনার কফিন বুূয়েনস আয়ার্স শহরের একপ্রান্তে বেল্লা ভিস্তার একটি সমাধিস্থলে নিজের বাবা ও মায়ের সমাধিস্থলের পাশেই সমাহিত করা হয় ফুটবল রাজপুত্র মারাদোনাকে।

