চিড়িয়াখানা-অভয়ারণ্য বন্ধ রাখার সিদ্ধান্ত রাজ্যে

kolkata zoo and wb

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:করোনার মারণ সংক্রমণ রুখতে মরিয়া চেষ্টা। এই আবহে চিড়িয়াখানা সহ অভয়ারণ্য বন্ধ করল প্রশাসন।
অন্যদিকে বন দফতরের সব আবাসস্থলের বুকিংও বাতিল করা হয়েছে ৷ করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই বিপত্তি। প্রশাসনিক সূত্রের খবর, রাজ্যের সমস্ত চিড়িয়াখানা, অভয়ারণ্য বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রাজ্য বন দফতর এই মর্মে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে। রাজ্য বন দফতর সূত্রে বলা হয়েছে, রাজ্যের সব চিড়িয়াখানা, অভয়ারণ্য,পাখিরালয় সহ ব্যাঘ্র প্রকল্প বন্ধ রাখতে হবে।পরবর্তী নির্দেশ এলে তারপর ভাবনা-চিন্তা করা হবে।

ইতিমধ্যে রাজ্য সরকার করোনা রুখতে বাজার, দোকানপাট এবং অন্যান্য অফিস-কাছারি খোলার উপরে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে । এবার সব রকম পর্যটন কেন্দ্র বন্ধের দিকে পা রাখল রাজ্য সরকার। ইকো-ট্যুরিজম কেন্দ্র এবং লজ বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে প্রশাসনিকভাবে ।
বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়েছে,এখনই পার্ক ও মাঠ বা বাগান বন্ধ রাখা হচ্ছে না। তবে পার্কের মধ্যে ভিড় যাতে না হয়, তার দিকে কড়া নজরদারি রাখা হবে। বাধ্যতামূলক ভাবে মাস্ক পরতে হবে।

বন দফতর সূত্রে আরও বলা হয়েছে, কোভিডের যা পরিস্থিতি তৈরি হয়েছে সেক্ষেত্রে বন্ধ করা ছাড়া উপায় নেই। তবে পরিস্থিতির উন্নতি হলে ফের ধাপে ধাপে খুলে দেওয়া হবে। অন্যদিকে রাজ্য সরকার সূত্রের খবর, পরিস্থিতি ধাপে ধাপে নিয়ন্ত্রণের জন্য কিছু কিছু ক্ষেত্র বন্ধ বা নিয়ন্ত্রণ করা হলেও এখনই সব কিছু বন্ধের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। কোভিড পরিস্থিতি আরও খারাপ হলে লকডাউনের কথা ভাবতেই পারে রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *