সব্জির জন্য অভিনব জীবাণুনাশক স্প্রে

Green Vegitable

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নতুন স্প্রে বাজারে আনতে চলেছে কেন্দ্র। ১৫-২০ মিনিটের মধ্যে জীবাণুমুক্ত হবে সব্জি। সূত্রের খবর, এক্ষেত্রে নির্দিষ্ট মিশ্রণে চুবিয়ে রাখা জরুরি। প্রায় ১৫ থেকে ২০ মিনিট সময় ব্যয় হবে। এরপর ভাল করে জল দিয়ে ধুয়ে নেওয়া দরকার। জানা গিয়েছে, এতেই সম্পূর্ণ জীবাণুমুক্ত হবে বাজার থেকে কিনে আনা শাক-সব্জি ও ফলমূল। এক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ায় শরীরের কোনও ক্ষতিও হবে না। সূত্রের আরও খবর, বাজার-চলতি আর ৫টি জীবাণুনাশকের তুলনায় এটি কম ক্ষতিকারক বলে জানানো হয়েছে। জানা যায়, করোনা পরিস্থিতিতে নতুন জীবাণুনাশক স্প্রে তৈরি করেছে সার ও রাসায়নিক মন্ত্রক।

ওই মন্ত্রক সূত্রের খবর, সার ও রাসায়নিক মন্ত্রকের অধীনস্থ থাকা হরিয়ানার গুরগাঁওয়ের ইনস্টিটিউট অব পেস্টিসাইড ফর্মুলেশন টেকনোলজি (আইপিএফটি) অভিনব জীবাণুনাশক স্প্রে তৈরি করেছে। উল্লেখ্য, দেশে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরফলে জিনিসপত্র জীবাণুমুক্ত করতে সাধারণ মানুষও তৎপরতা শুরু করেছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও এই সংক্রান্ত বিষয়ে পর পর নির্দেশিকা জারি করা হয়। করোনা প্রতিরোধের লক্ষ্যে বাজার থেকে শাক-সব্জি ও ফলমূল কিনে আনার পর তা জীবাণুমুক্ত করছেন অধিকাংশ মানুষই। শাক-সব্জিকে জীবাণুমুক্ত করার জন্য বাজার থেকে কিনে আনা বিভিন্ন স্প্রে ব্যবহারও করছেন অনেকে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন স্প্রে ব্যবহারের পর শাক-সব্জি ও ফলমূল খাওয়া ১০০ শতাংশ নিরাপদ। বাজার থেকে কিনে আনা শাক-সব্জি ও ফলমূলে কোনও বিষাক্ত পদার্থ লেগে থাকলে, তা সম্পূর্ণ বিনষ্ট করতে সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *