বন্ধ বাড়ির সুরক্ষায় অন্ধ্রপ্রদেশে এবার নয়া অ্যাপ

ap police

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: এবার এপি পুলিশ সেবা নামে একটি অ্যাপ চালু হতে চলেছে। নাগরিক পরিষেবা দিতে সেবা নামের এই অ্যাপটি চালু করতে চলছে অন্ধ্রপ্রদেশ রাজ্য পুলিশ প্রশাসন। সূত্রের খবর, অন্ধ্রপ্রদেশের শহর ও শহরতলির যে কোনও বাসিন্দা এবার নিশ্চিন্তে সপরিবারে বেড়াতে যেতে পারবেন দেশে ও বিদেশে। তাঁদের আর বন্ধ বাড়ি নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নেই। কারণ, এমন বাড়িগুলির নিরাপত্তায় থাকছে অন্ধ্র পুলিশ।

জানা গিয়েছে, আগামী ১৭ সেপ্টেম্বর থেকে এমন বাড়িগুলির নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে অন্ধ্র পুলিশ। আর এ জন্য এই অ্যাপটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে সবাই এতদিন ঘরবন্দি ছিলেন। তবে ধাপে ধাপে আনলক পর্বে অনেকেই প্রয়োজনীয় সতর্কতা নিয়ে বেরিয়ে পড়তে শুরু করেছেন। এইরকম পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অন্ধ্র পুলিশ।

সূত্রের আরও খবর, বাইরে বেড়াতে যাওয়ার আগে ওই অ্যাপের মাধ্যমে যাঁরা বন্ধ বাড়ির নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে পুলিশের কাছে আবেদন করবেন, তাঁদের বাড়িতে সিসিটিভি লাগিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি লাগানো থাকবে মোশন সেনসরও। এক্ষেত্রে কেউ যদি ওই বাড়িতে অবৈধভাবে প্রবেশ করতে চায়, তাহলে বেজে উঠবে অ্যালার্ম। যা সতর্ক করবে পুলিশ বিভাগ সহ বাড়ির মালিককেও।

পুলিশ সূত্রে খবর, আগামী ১৭ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির এই অ্যাপটির উদ্বোধন করার কথা রয়েছে। প্রাথমিকভাবে রাজ্যের বড় শহরগুলিতে এই পরিষেবা দেওয়া হবে। এরপর ধীরে ধীরে গ্রামাঞ্চল বা প্রত্যন্ত এলাকাগুলিতে মিলবে এই পরিষেবা।

পুলিশ সূত্রে আরও খবর, যেখানে এই প্রযুক্তি ব্যবহার করা সম্ভব হবে না, সেখানে ১ জন পুলিশকর্মী বন্ধ বাড়ির উপর নজরদারি চালাবেন। এক্ষেত্রে বাড়ির ছবি তুলে পাঠানো হবে বাড়ির মালিককে। পুলিশ জানিয়েছে, শহর ও শহরতলির যে সব বাড়িতে সিসিটিভি-সহ আধুনিক নিরাপত্তা প্রযুক্তির ব্যবস্থা করা হচ্ছে, তার জন্য বাড়ির মালিককে কোনও অর্থ ব্যয় করতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *