করোনা আবহে দুর্গোৎসবের বিষয়ে গাইডলাইন কেন্দ্রের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দুর্গাপুজোর আর এক পক্ষ কাল বাকি। সূত্রের খবর,করোনার আবহে বাংলার জন্য গাইডলাইন দিয়েছে কেন্দ্র। আসন্ন দুর্গোৎসবের বিষয়ে রাজ্যগুলিকে সতর্ক করে গাইডলাইন দিল কেন্দ্রীয় সরকার। সূত্রের আরও খবর, করোনা সংক্রমণে এগিয়ে থাকা দেশের ২৫ টি জেলার মধ্যে উত্তর চব্বিশ পরগণা ও কলকাতা জেলা রয়েছে।এক্ষেত্রে আরও জানা যায়, করোনা সক্রিয় রোগীর সংখ্য়ার নিরিখে প্রথম দশে রয়েছে পশ্চিমবঙ্গের অবস্থান। এই আবহে আগত দুর্গোৎসবের বিষয়ে রাজ্যগুলিকে আবারও সতর্ক করেছে কেন্দ্র।
অন্যদিকে কেরলের ওনাম উৎসব-এ করোনার সংক্রমণ বেড়ে গিয়েছে বলে খবর। এই ঘটনা উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যকর্তাদের।এক্ষেত্রে তাঁদের বক্তব্য, দুর্গাপুজো, দশেরা ও দীপাবলী আসন্ন। উৎসবের আবহে করোনা বিধি ও সতর্কতা ভুলে মেলেমেশা করলে করোনা সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে আরও জানা যায়,পশ্চিমবঙ্গে সক্রিয় করোনা রোগী রয়েছেন ৩.০২ শতাংশ। পাশাপাশি দেশের মোট ২৫টি জেলায় ৪৮ শতাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে। কলকাতায় মৃত্যুহার ১.৭১ শতাংশ এবং উত্তর চব্বিশ পরগণায় ১.১২ শতাংশ। কেন্দ্রের গাইডলাইন অনুযায়ী জানানো হয়েছে, উৎসব অনুষ্ঠানে ভিড় জমানো চলবে না। সামাজিক দূরত্ববিধি মানতে হবে।প্রতিটি মণ্ডপে আইসোলেশনের জায়গা রাখতে হবে এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রাখতে হবে। সিসিটিভি মনিটরিং করা যেতেও পারে।

