মালদহে শুরু হস্তশিল্প মেলা – শিল্প সামগ্রী নিয়ে শিল্পীরা

malda and fair

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মালদহে শুরু জেলা হস্তশিল্প মেলা।
আগামী ১৭ জানুয়ারি অবধি প্রতিদিন দুপুর থেকে রাত্রি অবধি হস্তশিল্প মেলা খোলা থাকবে। স্থানীয় সূত্রের খবর, লকডাউন পর্বের পর প্রায় এক বছর পর সরকারি উদ্যোগে হস্তশিল্প মেলা শুরু হল মালদহে। সোনাঝুড়ি হাট- নাম দিয়ে মালদহে শুরু হল জেলা হস্তশিল্প মেলা। রাজ্যের ১৫ টি জেলা থেকে প্রায় ১০০জন হস্তশিল্পী এই মেলায় অংশ নিয়েছেন। এক্ষেত্রে জানা যায়,মেলার উদ্বোধন করেন জেলাশাসক রাজর্ষি মিত্র। লকডাউন আবহে বিভিন্ন শিল্পকর্ম তৈরি হলেও বাজার পাচ্ছিলেন না শিল্পীরা। এর জেরে তৈরি হয় অনটন। জেলা শিল্প দফতরের সহযোগিতায় সপ্তাহব্যাপী মেলায় অংশ নিতে পেরে বাজার চাঙ্গা হওয়ার আশায় রয়েছেন শিল্পীরা। স্থানীয় সূত্রের আরও খবর,কাঠ, বাঁশ, পোড়া মাটির সামগ্রী, রকমারি পোশাক থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র ও জুয়েলারী সামগ্রীর স্টল তৈরি হয়েছে মেলায়। এই মেলার আয়োজনে আর্থিকভাবে হস্তশিল্পীরা ঘুরে দাঁড়াতে সমর্থ হবেন বলে মনে করছে জেলা প্রশাসন। উল্লেখ করা যায়, হস্তশিল্প মেলা মালদহ ছাড়াও বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারের শিল্পীরা অংশ গ্রহণ করেছেন।
প্রসঙ্গত,গত বছর জানুয়ারি মাসে মালদহে বইমেলার আয়োজনের পর করোনাকালে সমস্ত মেলা বন্ধ হয়ে যায় । এই অবস্থায় বিপাকে পড়েন হস্ত শিল্পীরা। মেলা চালুর দাবিতে প্রশাসনের দ্বারস্থ হন হস্তশিল্পীসহ ব্যবসায়ীরা। গত কয়েক মাসে বাড়িতে বসে বিভিন্ন শিল্প সামগ্রী শিল্পীরা তৈরি করলেও বিক্রির ব্যবস্থা করা সম্ভব হচ্ছিল না। প্রশাসনিক সূত্রের খবর, দফতরের অফিস চত্বরে হস্তশিল্পীদের সম্ভার নিয়ে প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা করা হয় । আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর থেকে রাত্রি পর্যন্ত হস্তশিল্প মেলা খোলা থাকবে। মেলায় সাধারণের জন্য প্রবেশ অবাধ। হস্তশিল্প মেলার পাশাপাশি হস্তশিল্প প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। প্রথম দিন থেকেই মেলায় সাধারণের উপস্থিতি ছিল নজরকাড়া। মেলায় রকমারি খাবার-দাবারেরও আয়োজন করা হয়েছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *