শুরু হচ্ছে ইলিশ ধরার মরশুম
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ১৫ জুন থেকে শুরু ইলিশ মাছ ধরার মরশুম। তবে মৎস্যজীবীদের দুঃশ্চিন্তা রয়েই গিয়েছে। ইলিশের দেখা সেভাবে মিলবে কিনা সংশয় রয়েছে। উল্লেখ করা যায়, গত ১৪ জুন শেষ হয়েছে সামুদ্রিক মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা। আজ থেকে শুরু হতে চলেছে ইলিশ ধরার মরশুম। এক্ষেত্রে জানা যায়, `সামুদ্রিক মাছ ও ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য গত ১৪ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা বলবৎ ছিল।
স্থানীয় সূত্রের খবর, ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, সাগর, ডায়মন্ড হারবার সহ পাথরপ্রতিমার প্রায় ৩ হাজার মৎস্যজীবী সমুদ্রে মাছ ধরতে যাওয়ার তৎপরতা শুরু করেছেন। সমুদ্রে মাছ ধরতে যাওয়ার টানা ৬১ দিনের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে চলেছে। এই অবস্থায় খুশির আবহাওয়া মৎস্যজীবী মহলে। আজ ইলিশ মাছ ধরার জন্য সমুদ্রে নামতে চলেছে দিঘায় কয়েক হাজার ট্রলার। মৎস্যজীবীদের বক্তব্য,গতবারে ইলিশ সেভাবে মেলেনি। এবার মৎস্যজীবীরা অনেক প্রত্যাশা নিয়ে রয়েছেন ইলিশের খরা কাটবে বলে।

