মঙ্গলাহাট খোলার সম্ভাবনা, ভিড় নিয়ন্ত্রণে নতুন নিয়মকানুন

Mangalahat

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চলতি মাসে খোলার সম্ভাবনা মঙ্গলাহাট। তবে ভিড় নিয়ন্ত্রণে আনতে নতুন নিয়মকানুন হচ্ছে। স্থানীয় সূত্রের খবর, মঙ্গলাহাট খোলার ব্যাপারে শেষ পর্যন্ত সম্মতি দিতে চলেছে হাওড়ার জেলা প্রশাসন। চলতি মাসের মাঝামাঝি সময় থেকে মঙ্গলাহাট চালু করার জন্য প্রশাসন জোর তৎপরতা শুরু করে দিয়েছে। জানা গিয়েছে, তবে করোনা আবহে পূর্বের মতো স্বাভাবিক অবস্থায় হাট চালু করা হবে না। স্থানীয় সূত্রের আরও খবর, খুচরো বিক্রেতাদের অন্যত্র সরানোর পাশাপাশি সব দোকান একই দিনে বা একই সময়ে না খুলে আলাদা আলাদা সময় ঠিক করে দেওয়া হতে পারে।

বিধিনিষেধ ঠিক করতে হাটের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে চলতি সপ্তাহেই আলোচনায় বসতে চলেছে জেলা প্রশাসন। এরপর আলোচনার ভিত্তিতে ঠিক হবে নতুন নিয়মকানুন। পাশাপাশি মঙ্গলাহাট খোলার ব্যাপারে জেলা প্রশাসনের কর্তারা ভার্চুয়াল মাধ্যমে এক বৈঠক করেন। ওই বৈঠকে হাওড়ার জেলাশাসক, সিটি পুলিশ ও গ্রামীণ পুলিশের পদস্থ কর্তা, স্বাস্থ্যবিভাগের কর্তা, জেলা পরিষদের গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্মিলিতভাবে হাট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা আবহের মধ্যেই সামনে আসছে শারদোৎসব। এই উৎসবকে সামনে রেখে মঙ্গলাহাটে বস্ত্র ক্রয়-বিক্রয়ের পাইকারি ও খুচরো বাজারে কোটি কোটি টাকার লেনদেন হয়ে থাকে। বহু মানুষের জীবন-জীবিকারও জড়িয়ে রয়েছে মঙ্গলাহাটের সঙ্গে। প্রসঙ্গত, করোনার আবহে মার্চ মাসের শেষ থেকে এখনও পর্যন্ত মঙ্গলাহাট বসেনি। আবার হাওড়া ও কলকাতা লাগোয়া ৩-৪টি জেলাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অগণিত বস্ত্র ব্যবসায়ী এবং হোসিয়ারি শিল্পের সঙ্গে জড়িত কয়েক হাজার মানুষের জীবিকা এখন সঙ্কটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *