চিনের আগ্রাসী ভূমিকায় সমুদ্র মহড়ায় ভারত-জাপান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চিনকে বার্তা দিল ভারত। সমুদ্র মহড়া দিয়েছে ভারত-জাপান। সূত্রের খবর, লাদাখে সংঘাতের আবহে চিনের বিরুদ্ধে একজোট হল- আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপান। জানা গিয়েছে, সমুদ্র মহড়া শুরু করেছে জাপান ও ভারতের নৌবাহিনী। জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্স এবং ভারতীয় নৌসেনার ৪টি যুদ্ধজাহাজ এই মহড়া দিল। ভারতীয় নৌবাহিনীর আইএনএস রাণা ও আইএনএস কুলুশের সঙ্গে জাপানের জেএস কাশিমা ও জেএস শিমায়ুকি এই মহড়ায় অংশ নিয়েছে। সূত্রের আরও খবর, জাপান ও ভারতের মধ্যে গত ৩ বছরে এই নিয়ে ১৫টি নৌ-মহড়া হচ্ছে।
এই মহড়ার বিশেষ তাৎপর্য হল- গত বছরের ডিসেম্বর মাসের পর দুই দেশের এই মহড়ার কোনও পরিকল্পনা ছিল না। তবে এই উত্তপ্ত পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কারণটা কী, তা নিয়ে জল্পনা অব্যাহত। জানা যায়, দক্ষিণ চিন সাগরে চিনের রণতরীর আগ্রাসী মনোভাব ও ট্রেনিং শুরু হওয়ার পরই ভারত ও জাপান ভারত মহাসাগরে এই মহড়া দিয়ে পাল্টা বার্তা দিয়েছে বেজিংকে। ভারত, আমেরিকা ও জাপানের মালাবার এক্সারসাইজে এবার অস্ট্রেলিয়াও যোগ দেবে বলে জানা গিয়েছে।

