আবারও ৪৭টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার ভাবনা ভারতের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সেনা সংঘর্ষের জেরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আগেই ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছিল। সোমবার আরও ৪৭টি চিনা অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, এই ৪৭টি চিনা অ্যাপের সুরক্ষা ও গোপনীয়তা সম্পর্কে তথ্য যাচাই করার পরই এই সিদ্ধান্ত ভারতীয় টেলিকম মন্ত্রকের। সমীক্ষা অনুযায়ী জানা গিয়েছে, পূর্বে নিষিদ্ধ হওয়া ৫৯টি অ্যাপের ক্লোন হিসাবে কাজ করছিল এই ৪৭টি চিনা অ্যাপ। তবে নিষিদ্ধ এই ৪৭টি চিনা অ্যাপের তালিকা এখনও প্রকাশ করা হয়নি বলে জানা যায়।
উল্লেখ্য, লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সেনা সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহিদ হওয়ার ঘটনার আবহে গত ২৯ জুন টিকটক, ইউ সি ব্রাউজার, ক্যামস্ক্যানার, জেন্ডার-সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করে ভারত সরকার। এক্ষেত্রে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছিল, যদি সরাসরি অথবা অন্য কোনওভাবে এই অ্যাপগুলি ভারতে চালানো হয়, তাহলে সেই অ্যাপের বিরুদ্ধে প্রযুক্তি আইনে মামলা রুজু করা হবে। পাশাপাশি সেই অ্যাপের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থাও নিতে পারে ভারত সরকার।
সূত্রের আরও খবর, সম্প্রতি নতুন ২৭৫টি চিনা অ্যাপের একটি তালিকা প্রস্তুত করেছে কেন্দ্রীয় সরকার। এই অ্যাপগুলি আদৌ দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এই অ্যাপগুলি গ্রাহকদের তথ্য-নিরাপত্তা দিচ্ছে কিনা তাও যাচাই করছে সরকার। জানা গিয়েছে, যে সব কোম্পানির সার্ভার চিনে রয়েছে, সেই সব অ্যাপগুলিকে বন্ধ করার চেষ্টা চালানো হচ্ছে।
সরকারিভাবে জানা গিয়েছে, চিনের অ্যাপগুলি নিয়মিত পরীক্ষা করে খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে পরীক্ষার পর যদি দেখা যায় যে, এই অ্যাপগুলি সমস্ত দিক দিয়ে সুরক্ষিত, তাহলে এই অ্যাপগুলি ব্যান নাও হতে পারে বলে খবর। অন্যদিকে, এই অ্যাপগুলি কোডিং কোথা থেকে করা হচ্ছে সে বিষয়েও তথ্য পেতে চাইছে কেন্দ্র। মনে করা হচ্ছে, এদের মধ্যে কিছু অ্যাপ রয়েছে যা জাতীয় সুরক্ষার জন্য বিপজ্জনক হতে পারে।

