কাশ্মীরে বাঙালি পর্যটকদের আকর্ষণ বাড়াতে প্রয়াস

Kashmir

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কাশ্মীরে টান পর্যটকদের। বরাবরই বেশিরভাগ বাঙালি ভ্রমণপিপাসুদের কাছে প্রথম পছন্দ ভূ-স্বর্গ। এবার পর্যটকদের নিয়ে যেতে বাংলায় উপস্থিত জম্মু-কাশ্মীরের পর্যটন দফতরের কর্তারা। সূত্রের খবর, করোনা আবহে স্বাস্থ্যবিধি মেনেই শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ ও পহেলগাঁওয়ের পাশাপাশি অচেনা ভূ-স্বর্গে ভ্রমণের স্বাদ পাবেন পর্যটকরা।

সূত্রের আরও খবর, পর্যটকেরা অনায়াসে পৌঁছে যেতে পারেন শ্রীনগর থেকে প্রায় ৪৫ কিমি দূরের ইয়ূসমার্গে। এক্ষেত্রে ঘোড়ার পিঠে চড়ে পাইনের জঙ্গলে ঘেরা পাহাড়ের চড়াই-উতরাই পথে ঘুরে বেড়ানোর সুযোগ পাবেন। এছাড়াও রয়েছে দুধপাতরি, গুরেজ, কোকেরাং, বেঙ্গিস ভ্যালি ও টোডা ময়দান। এক্ষেত্রে আরও জানা যায়, কাশ্মীরে পর্যটকেরা এইসব জায়গায় গিয়ে নির্জনে একান্তে সময় কাটাতে পারবেন। স্থানীয় পর্যটনের বিকাশও ঘটবে, এমনটা মনে করা হচ্ছে।

পর্যটকদের সংশয় কাটানোর জন্য এবার কলকাতায় এসে বিভিন্ন পর্যটন সংগঠন ও ভ্রমণ সংস্থাগুলির সঙ্গে কথা বলেছেন কাশ্মীরের পর্যটন দফতরের উপ-অধিকর্তা ইদিল সালেম ও আহসানুল হক চিস্তি। উল্লেখ করা যায়, প্রতিবছর পুজো ও গরম-শীতের ছুটিতে বাংলা থেকে প্রচুর পর্যটক বেড়াতে আসেন ভূ-স্বর্গে। পর্যটন দফতর সূত্রে জানানো হয়েছে, ৩টি রাজ্য থেকে সব থেকে বেশি পর্যটক কাশ্মীরে বেড়াতে যান। তার মধ্যে অন্যতম হল পশ্চিমবঙ্গ। এরপরই রয়েছে গুজরাত ও মহারাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *