পুলিশও নিরাপদ নয় করোনার থাবা থেকে

Corona Effect-3

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গতকাল থেকেই কলকাতা-সহ বিভিন্ন জেলায় করোনা মোকাবিলায় কনটেনমেন্ট জোনের দিন দিন বেড়েই চলেছে। সংশ্লিষ্ট পুরসভার পাশাপাশি শহরাঞ্চলে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ ঠেকাতে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পুলিশ। ফলে সেই পুলিশ বাহিনীতেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সূত্রের খবর, সোম ও মঙ্গলবার কলকাতা পুলিশ নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে কলকাতা পুলিশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮৯ জন। তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪০০ জন।

ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে হাওড়া কমিশনারেটের এক সাব-ইনস্পেক্টর। এই নিয়ে রাজ্য পুলিশের দুই কর্মী করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন। এর আগে এক হোমগার্ড করোনায় মারা যান। কলকাতা পুলিশের ২ জন পুলিশ কর্মীও মারা গিয়েছেন। গতকাল আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় গৌতম পট্টনায়ক নামে রাজ্য পুলিশের এক সাব-ইনস্পেক্টর।

গত ১ জুন করোনার উপসর্গ নিয়ে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। ২ দিন পর তাঁর রিপোর্ট পজিটিভ আসে। পরিবারের সদস্যরা তাঁকে তমলুকে নিয়ে গিয়ে সেখানে একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তাঁর বাড়ি। পরে অবস্থার অবনতি হলে কলকাতায় আনা হলে গতকাল সকালে মৃত্যু হয় তাঁর। পুলিশে সুস্থতার হার বাড়লেও ডিউটি করতে গিয়ে পুলিশে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। নিয়ম করে পুলিশবাহিনীর বিভিন্ন স্তরের কর্মী ও আধিকারিকদের করোনা পরীক্ষাও করানো হচ্ছে। বিধাননগর কমিশনারেটের এক আইপিএস অফিসারও দিন দুয়েক আগে করোনা আক্রান্ত হয়েছেন। দেখা যাচ্ছে পুলিশরাও রক্ষা পাচ্ছে না করোনার থাবা থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *