দীপাবলির আগে জোরকদমে চলছে প্রদীপ তৈরি

Prodip

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ কয়েক দিন বাকি দীপাবলি উৎসবের। ফলে দিনরাত প্রদীপ তৈরির কাজ চলছে। বাড়ির মহিলারাও এই প্রদীপ তৈরির কাজ করে চলেছেন। সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে বিক্রি কম হতে পারে বলে আশঙ্কা করছেন এই কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। এই কথা মাথায় রেখেই বারুইপুরের আটঘরার পূর্ব কুমোরপাড়া শুরু থেকেই দাম কমিয়ে সব ধরণের প্রদীপ বিক্রিতে ব্যস্ত হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রের আরও খবর, মাদারাট পঞ্চায়েতের আটঘড়ার পূর্ব পালপাড়ার ১০-১৫টি পরিবার এই শিল্পের সাথে যুক্ত। লকডাউন এবং করোনার কারণে তাঁদের ব্যবসা মন্দা চলেছে। উল্লেখ্য, করোনা আবহে বাজি বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এখন ওইসব ব্যক্তিদের আশা এবার মানুষ প্রদীপ জ্বালিয়ে উৎসবটি উদযাপন করবেন। উল্লেখ করা যায়, গত বছর যে দামে প্রদীপ বিক্রি হয়েছিল করোনার আতঙ্কের কারণে এ বছর তা অনেকটা কমেছে। ওইসব কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, দিন যত যাচ্ছে জিনিস পত্রের দামও বেড়ে চলেছে। লরিতে মাটি আনতেই পড়ে যায় ৬ থেকে ৭ হাজার টাকা। এরসঙ্গে শুকনো কাঠ ২০০ টাকা মন। আবার রঙের দামও বেড়ে গিয়েছে। এক্ষেত্রে তাঁদের বক্তব্য, গত বছর আমরা যে প্রদীপটি ৪ টাকায় বিক্রি করেছি এবার তা ২ টাকায় বিক্রি করতে হবে। এবার ১০ টাকার প্রদীপ ৮টাকায় বিক্রি করছি। এ বছর ২৫ টাকার প্রদীপটি ২০ টাকায় বিক্রি করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *