Pan & AadhaarBreaking News Others 

প্যান আধার লিঙ্ক নিয়ে চিঠি অধীরের

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: প্যান আধার লিঙ্ক করা নিয়ে দুশ্চিন্তা বেড়েছে সাধারণ মানুষের। কেন্দ্রীয় সরকারের রাজস্ব দফতর ৩১ মার্চের মধ্যে এই সংযুক্তিকরণ করার নির্দেশ দেওয়াতে বহু মানুষ পড়েছেন সমস্যায়। সংযুক্তিকরণ না হলে প্যান নম্বর অকেজো হয়ে যাবে বলেও জানানো হয়েছে ৷ আবার ৩১ মার্চ ২০২৩-এর মধ্যে সংযুক্তিকরণ করতে গেলেও ১০০০ টাকা জরিমানা দিতে হচ্ছে ৷

সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে প্যান আধার কার্ড সংযুক্তিকরণের সময়সীমা আরও ৬ মাস বৃদ্ধি করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ৷ পাশাপাশি ১০০০ টাকার জরিমানা প্রত্যাহারের জন্য আবেদনও জানান লোকসভায় কংগ্রেস দলনেতা৷

সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে,প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে কংগ্রেস সাংসদ জানিয়েছেন,দেশের একটা বড় অংশের মানুষ গ্রামীণ প্রত্যন্ত এলাকায় বসবাস করেন। সেখানে ইন্টারনেট সংযোগও ঠিক মতো পাওয়া যায় না ৷ এই সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যাও বেড়ে চলেছে।

এক্ষেত্রে তাঁর আরও অভিযোগ, দেশের এই সমস্ত নিরীহ মানুষের থেকে প্যান আধার সংযুক্তিকরণ করে দেওয়ার নামে কিছু অসাধু দালাল অতিরিক্ত টাকা আদায় করছে ৷ প্যান আধার সংযুক্তিকরণে সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য পোস্ট অফিসগুলিকে নির্দেশ দিতেও প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান তিনি।

Related posts

Leave a Comment