মালদহে ভাঙনের তাণ্ডবে গঙ্গা -গর্ভে বিলীন বহু জমি

river irrosion

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মালদহে নদী ভাঙনের জেরে নদীগর্ভে বিলীন হল বহু জমি। স্থানীয় সূত্রের খবর, হীরানন্দপুরের কোশীঘাট এলাকায় চলেছে ব্যাপক ভাঙন। ভাঙনের মুখে পড়ার সম্ভাবনা নদীবাঁধও, এমনই আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে আরও জানা যায়, কিছু এলাকায় বাঁধের অতি কাছে পৌঁছে গিয়েছে নদী। বাঁধ রক্ষায় প্রচেষ্টা চালাচ্ছে সেচ দপ্তর। বাঁশ ও বালির বস্তা ফেলে ভাঙন রুখতে এই উদ্যোগ। তবে ক্ষোভ রয়েছে এলাকাবাসীদের। ভাঙন রোধের বিষয়ে দুর্নীতির অভিযোগও উঠেছে। এই কাজে ভাঙনরোধ সম্ভব নয় বলে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা।

অন্যদিকে ভাঙন থেকে বাঁধ রক্ষা পাওয়া যাবে কিনা সে বিষয়ে নিশ্চিত নয় সেচ দফতরও। ভাঙন রোখার জন্য সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে বলেও দাবি করেছে স্থানীয় সেচ দফতর। ভাঙ্গনের আতঙ্ক রয়েছে মালদহের মানিকচক ব্লকের ভূতনি থানার হীরানন্দপুরে। সূত্রের আরও খবর,আচমকা ভাঙন শুরু হয়ে যায় গঙ্গার কোশিঘাট ঘাট ও কেশবপুর কলোনি এলাকায়।ভাঙনের তাণ্ডবে বহু জমি বিলীন হয়ে যায় গঙ্গা গর্ভে। বাড়িঘরের ক্ষতি এখনও পর্যন্ত না হলেও বেশকিছু জমি চলে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন যে, গঙ্গা যেভাবে পার ভেঙে নদী বাঁধের দিকে এগিয়ে চলেছে তাতে আগামী দিনে বিপদ বাড়ার সম্ভাবনা। বিপন্ন হওয়ার সম্ভাবনা বাড়ছে মানুষের। সেচ দপ্তরের প্রয়াসে ভাঙন রোধের ব্যবস্থা নেওয়া হয়েছে। বাঁশঝাড় ও বালির বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করেছে সেচ দপ্তর। ভাঙনের তীব্রতা কিছুটা কম হলেও বেশ কিছু এলাকায় এখন গঙ্গা নদী থেকে নদী বাঁধের দূরত্ব কমে দাঁড়িয়েছে মাত্র ৭ মিটারের মতো। নতুন করে ভাঙন শুরু হলে আরও বিপদের আশঙ্কা থাকছে । তবে নদী ভাঙন নিয়ে রাজনৈতিক চাপান-উতোর তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *