মথুরাপুরের ইকোপার্ক প্রকল্প “আম্ফান” প্রলয়ে ক্ষতিগ্রস্ত

mathurapur

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : “আম্ফান”-এ ক্ষতিগ্রস্ত দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের ইকোপার্ক প্রকল্প। “আম্ফান”-এর প্রলয়ে কার্যত মুখ থুবড়ে পড়েছে। কয়েক লক্ষ টাকার ইকোপার্ক প্রকল্প। স্থানীয় সূত্রের খবর, সৌরবিদ্যুতের পোস্ট উপড়ে গিয়েছে। গাছ-গাছালির ক্ষতি হয়েছে। পাশাপাশি নষ্ট হয়েছে কয়েক হাজার গ্রামবাসীর রুজি-রোজগারের পথ। রীতিমতো ধ্বংস হয়ে যাওয়া প্রকল্পকে আবার কীভাবে ফিরিয়ে আনা যায়, তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে স্থানীয় প্রশাসন। স্থানীয় সূত্রের আরও খবর, মথুরাপুর ১ ব্লকের আবাদ ভগবানপুরে এক একরের বেশি জমিতে শুরু হয়েছিল ওই প্রকল্প।

উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে কাজ শুরু হয়ে তা প্রায় শেষের পথেই ছিল। সুন্দরবন উন্নয়ন দপ্তরের আর্থিক অনুদানে ১০০ দিনের প্রকল্পে এই কাজ করছিল ব্লক প্রশাসন ও পঞ্চায়েত। সেচ দপ্তরের ১ কিলোমিটার খালের পাড় বরাবর বসানো হয় দেবদারু ও পাইন থেকে শুরু করে নারকেল গাছের চারা। জানা যায়, ওই স্থানে ছিল বসার জায়গা, শিশুদের জন্য দোলনা ও স্লিপার। উল্লেখ্য, ওই এলাকাতে কয়েক হাজার মানুষের বসবাস। ওই সব মানুষদের চাষবাস করেই সংসার চলে।

এ বিষয়ে আরও জানা গিয়েছে, এলাকার কৃষিজীবী মানুষদের বিকল্প আয়ের কথা ভেবেই এই প্রকল্পের ব্যবস্থা করা হয়েছিল। খাল থেকে নোনা জল বের করে সংস্কারও করা হয়েছিল। বৃষ্টির জমা জল সোলার পাম্প দিয়ে তুলে ওভারহেড ট্যাঙ্কে জমা রেখে তা চাষের জমিতে দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়। আবার ৫০০ বিঘা জমিতে কৃষকরা ফসল উৎপাদন করতে পারতেন। অন্যদিকে খালে প্রচুর মাছের চারা ছাড়ার কথাও ছিল। মাছ বড় হলে বিক্রি করে আয় বাড়াতেন এলাকার মানুষজন। পুরো পার্ক সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালনার কথাও ছিল। যার জন্য ১০টি পোস্ট বসানোও হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *