ভোট -যুদ্ধ ঘিরে উত্তপ্ত নন্দীগ্রাম-আক্রান্ত হওয়ার অভিযোগ মমতার

nandigram and election

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:নন্দীগ্রামে “অগ্নিকন্যা” বনাম “ভূমিপুত্র”। ভোট -যুদ্ধ ঘিরে উত্তেজনার পারদ। আক্রান্ত হওয়ার অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর শরীরে চোট লেগেছে বলে জানিয়েছেন তিনি। পরিকল্পনা করে আক্রমণ করা হয়েছে বলেও অভিযোগ তাঁর। সূত্রের খবর,আজ নন্দীগ্রামে থাকার কথা ছিল তৃণমূল নেত্রীর। তবে আহত হয়ে কলকাতায় ফিরছেন বলে জানা যায়। আজ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন। অন্যদিকে শুভেন্দু অধিকারীর পদযাত্রা। নন্দীগ্রামের এই রাজনৈতিক লড়াই এবার জমজমাট। আজ বুধবারে মমতা, শুক্রবারে শুভেন্দু। দুই হেভিওয়েট প্রার্থীর মনোনয়ন পর্ব। আম-জনতা সবার নজর নন্দীগ্রামের ভোটে। নন্দীগ্রামের মাটিতে এই বিধানসভা আসন এবার অন্য মাত্রা পেয়েছে। গতকাল নন্দীগ্রামে পা রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় জমি আন্দোলনের এই মাটিতে পুজো দিয়ে শুরু করেছেন প্রচার। আজ হলদিয়া প্রশাসনিক ভবনে মনোনয়ন পেশ করলেন। নিয়ম মেনেই তিনি জমা দিয়েছেন মনোনয়ন।

শুক্রবার মনোনয়ন পেশ করবেন শুভেন্দু অধিকারী। তাঁর মনোনয়ন পেশ করার আগে একটি মিছিল করবেন বলে জানিয়েছেন। জানা গিয়েছে,রোড শো-‘তে তাঁর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও স্মৃতি ইরানি। নন্দীগ্রাম আসন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি নেতা শুভেন্দু। নন্দীগ্রাম আসনে তিনি হাফ লাখ ভোটে জয়ী হবেন বলে পূর্বেই জানিয়েছিলেন। অন্যদিকে ভোট রণকৌশল সাজিয়ে নিয়েছে তৃণমূল। প্রচার সহ নির্বাচনী কাজ দেখাশোনা করার জন্য গঠন করা হয়েছেএকটি দল। যার দায়িত্বে রয়েছেন রাজ্যসভার দুই সাংসদ সুখেন্দু শেখর রায় ও দোলা সেন। বিশেষ দায়িত্বে থাকছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু।

পিছিয়ে নেই শুভেন্দু শিবির। চলছে ভোট প্রচার। শুভেন্দু অধিকারী জানিয়েছেন,তিনি এলাকার ছেলে। সারাবছর তার সাথে এলাকার মানুষের যোগাযোগ থাকে। তাই নতুন করে ভোট বলে প্রচার করতে হয় না ৷ রাজ্যের বিধানসভা ভোটের পূর্বে এই দুই হেভিওয়েটের লড়াইকে ঘিরে জমজমাট নন্দীগ্রাম ও বঙ্গ রাজনীতি। রাজনৈতিক কটাক্ষ চলছে উভয় শিবিরে। আবারও উত্তপ্ত হচ্ছে নন্দীগ্রামের মাটি। তবে এবার আন্দোলনকে ঘিরে নয়,ভোটযুদ্ধে জেতার তাগিদে। এক সময় একই পথে চলা যাত্রাপথ বদলে গিয়েছে ভিন্ন পথে। এখন দেখার বিষয়-শেষ হাসি কে হাসবেন!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *