উত্তরবঙ্গে ভারী ও দক্ষিণবঙ্গে স্বল্প বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দপ্তর

Rain

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কাল ২২ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সূত্রের খবর, অনেক কম বৃষ্টি হবে দক্ষিণের জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, মৌসুমি অক্ষরেখার অবস্থান রয়েছে অমৃতসর, লুধিয়ানা, মিরাট, গোরক্ষপুর ও ভাগলপুর-সহ হিমালয়ের পাদদেশ পর্যন্ত। এর জেরে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে টানা বৃষ্টির পরিবেশ চলছে। যা কাল পর্যন্ত চলবে বলেও জানানো হয়েছে। হাওয়া অফিস সূত্রের আরও খবর, সবচেয়ে বেশি বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার প্রভৃতি জেলায়।

এই সব জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আবার মালদহ ও উত্তর-দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পরিমাণ খানিকটা কম থাকবে, এমনটা বলা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর এ বিষয়ে জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলির কয়েকটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হাল্কা থেকে মাঝারি মাপের বৃষ্টি হলেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে নেই। এক্ষেত্রে বলা হয়েছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে এবং দমকা হাওয়া বইবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *