অক্সিজেন থেরাপি এখন থেকে বাড়িতেই সম্ভবপর হতে চলেছে

Oxygen Therapy

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আবহে জরুরি অবস্থায় দ্রুত পৌঁছে দেওয়া যাবে অক্সিজেন দেশের প্রত্যন্ত অঞ্চলে। কোনও প্রশিক্ষিত কর্মীর প্রয়োজনও পড়বে না। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের প্রচেষ্টায় করোনাকালে অক্সিজেনের জোগানে যাতে বিন্দুমাত্র ঘাটতি না ঘটে, সেই লক্ষ্যে অক্সিজেন এনরিচমেন্ট ইউনিট (ওইইউ) তৈরি করল। এটি প্রতি মিনিটে ৫ থেকে ৭ লিটার অক্সিজেন সরবরাহ করতে পারবে বলে জানা গিয়েছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের আওতায় থাকা সিএসআইআর-ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি (এনসিএল) এই ধরনের অক্সিজেন এনরিচমেন্ট ইউনিটটি তৈরি করেছে। করোনা পরবর্তী সময়েও চিকিৎসার কাজে ব্যবহার করা যাবে এই ইউনিট। জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে প্রায় ১৫ শতাংশ আক্রান্ত রোগীকে অক্সিজেন থেরাপি দেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে। এর মধ্যে মাত্র ৪ শতাংশ রোগীর জন্য ভেন্টিলেটরের প্রয়োজন হচ্ছে।

তথ্য অনুসারে, অনেক সময়ই প্রয়োজন পড়লেও দেশের প্রত্যন্ত অঞ্চলে ভারি অক্সিজেন সিলিন্ডার সময়মতো পৌঁছন সম্ভব হয় না। সবদিক থেকেই সংশ্লিষ্ট ইউনিট যাবতীয় সমস্যার সমাধান করতে পারবে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে এই অক্সিজেন মেডিক্যাল বিশুদ্ধতায় সবদিক দিয়েই ঠিকঠাক আছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, করোনা-উত্তর সময়ে সিওপিডি, অ্যাজমা বা ফুসফুসজনিত সমস্যাতেও এই অক্সিজেন এনরিচমেন্ট ইউনিটের ব্যবহার করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *