পেট্রাপোল সীমান্তে আবারও বন্ধ বাণিজ্য

Petrapol Border

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পণ্য ঢোকা বন্ধ করেছে বাংলাদেশ। স্থানীয় সূত্রের খবর, পেট্রাপোলে দাঁড়িয়ে প্রায় ১৬০০ ট্রাক। পেট্রাপোল সীমান্তে আবারও বন্ধ হয়ে গেল বাণিজ্য। এবার বন্ধ করেছে বাংলাদেশ। জানা গিয়েছে, ভারত থেকে সামগ্রী রপ্তানি শুরু হলেও বাংলাদেশ থেকে কোনও সামগ্রী আমদানি করা হচ্ছে না। স্থানীয় সূত্রের আরও খবর, বারবার চিঠি দিয়েও কোনও ফল না পাওয়ায় অস্থায়ীভাবে বাণিজ্য বন্ধ করে দেয় বাংলাদেশ।

সকাল থেকে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় প্রচুর মালবাহী ট্রাক পেট্রাপোলে দাঁড়িয়ে রয়েছে। এমন অবস্থায় নতুন করে কবে আবার সীমান্ত বাণিজ্য শুরু হবে, তা নিয়ে সমস্যায় ব্যবসায়ীরা। এই বিষয়ে জেলা প্রশাসনের কোনও হেলদোল নেই। উল্লেখ্য, লকডাউনের শুরুতেই পেট্রাপোল সীমান্তে পণ্য রপ্তানি থমকে যায়। সীমান্তের জিরো পয়েন্টে নামমাত্র কাজ শুরু হলেও স্থানীয়দের বিক্ষোভের জেরে তা বন্ধ হয়ে যায়। এই নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে চাপানউতোর শুরু হয়। এরপর একগুচ্ছ নির্দেশিকা মেনে গত ৭ জুন থেকে ফের বাণিজ্য শুরু হয়। জানা যায়, গত প্রায় ১ মাস ধরে সামগ্রী রপ্তানি হলেও বাংলাদেশের সামগ্রী আমদানি করা সম্ভব হচ্ছে না। পরবর্তীতে একাধিকবার বাংলাদেশ সরকার চিঠি দিয়ে তাদের দেশের রপ্তানি বাণিজ্য শুরু করার আবেদন জানায়। তাতে কোনও ফল হয়নি। এরপর সকাল থেকেই বাংলাদেশ সামগ্রী ঢোকা বন্ধ করে দিয়েছে। এর জেরে সীমান্তে মাছ ও বিভিন্ন পচনশীল সামগ্রী-সহ প্রায় ১৬০০ ট্রাক সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *