presidential electionBreaking News Others Politics 

লক্ষ্য রাষ্ট্রপতি নির্বাচন : অঙ্ক কষা শুরু

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: লক্ষ্য- রাষ্ট্রপতি নির্বাচন। তৎপরতা তুঙ্গে। রাষ্ট্রপতি পদপ্রার্থীর জন্য সমর্থন আদায়। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যমণি। বিজেপি বিরোধী শিবিরের সর্বসম্মত প্রার্থী বেছে নিতে নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠক হল। ১৭টি দলের নেতা-নেত্রীরা বৈঠকে বসেছিলেন। হাজির ছিলেন না টিআরএস,এসএডি,আম আদমি পার্টি,বিজেডি,এসডিএফ সহ ওয়াইএসআর কংগ্রেস প্রভৃতি দলের প্রতিনিধিরা।

পরিসংখ্যান অনুযায়ী বিশ্লেষকরা বলছেন, এবার রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএর কাছে প্রার্থীকে জেতানোর জন্য ২০ হাজার ভোট কম রয়েছে। এক্ষেত্রে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বিজেডি-র সমর্থন পাওয়া খুবই জরুরি। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে একজোট হওয়ার চেষ্টায় বিরোধীরা। তবে প্রার্থী হতে নারাজ শরদ পাওয়ার। রাষ্ট্রপতি পদে গোপালকৃষ্ণ গান্ধী ও ফারুখ আব্দুল্লার নাম প্রস্তাব করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফারুখ আব্দুল্লার নাম প্রস্তাব করায় সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলের একাংশের মধ্যে।

অন্যদিকে বিশ্লেষকরা আরও বলছেন, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের দলমত নির্বিশেষে গ্রহণযোগ্যতা থাকায় রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি তাঁর ওপরই ভার দিতে চাইছে বিজেপি। আবার সর্বসম্মতিতে প্রার্থী নির্বাচিত হলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পূর্বে গেরুয়া শিবিরের গ্রহণযোগ্যতা আরও বাড়বে। এই ভিত্তিতে জোর তৎপরতা শুরু করেছে বিজেপি।

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি একটি জটিল প্রক্রিয়া। উল্লেখ করা যায়, ভারতীয় রাষ্ট্রপতি নির্বাচনের মোট ভোট ১০ লক্ষ ৯৮ হাজার ৭৮২। জয়ের জন্য প্রয়োজন হয় ৫ লক্ষ ৪৯ হাজার ৪৪২টি ভোট। এনডিএ সরকারের হাতে এই মূহুর্তে প্রায় ৫ লক্ষ ৪২ হাজার ভোট রয়েছে। সংখ্যাগরিষ্ঠ ভোট শতাংশের থেকে দেড় শতাংশ কম। তবে ওড়িশার বিজেডি ও অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেসের মধ্যে যে কোনও একটি দল এনডিএ জোট মনোনীত রাষ্ট্রপতি প্রার্থীকে সমর্থন করলে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হবে এনডিএ জোট। সবমিলিয়ে অঙ্ক কষা চলেছে উভয় শিবিরে।

Related posts

Leave a Comment