“অগ্নিপথ” প্রকল্পে সেনা নিয়োগ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীতে কর্মীনিয়োগ। পদ্ধতি ভিন্ন। নিয়োগের ক্ষেত্রে বড় মাপের পরিবর্তন। ভারতীয় সেনাবাহিনীতে এই নিয়োগের নামকরণ করা হয়েছে “অগ্নিপথ” । এ বিষয়ে জানানো হয়েছে, তিন-চতুর্থ অংশ নিয়োগ হবে স্বল্পমেয়াদি। যা ৪ বছরের জন্য নির্ধারিত। গতকাল “অগ্নিপথ” প্রকল্পের ঘোষণা করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এই প্রকল্পে ১৭থেকে ২১ বছর বয়সী তরুণ-তরুণীরা যোগ দিতে পারবেন।
এই চুক্তিভিত্তিক সেনাদের বলা হবে “অগ্নিবীর” । এ বিষয়ে আরও স্পষ্ট করা হয়েছে,সেনা বাহিনীতে শূন্যপদ ও যোগ্যতার নিরিখে চতুর্থ বছরের শেষে সেই ব্যাচের সর্বাধিক ২৫ শতাংশ অগ্নিবীরকে সেনায় অন্তর্ভুক্ত করা হবে। অবসর গ্রহণের পর এককালীন ১১.৫ লক্ষ টাকা পাবেন। ৪ বছরের কর্মজীবনের পর আধাসেনায় যোগ দিতে চাইলে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এই প্রকল্পের বিরোধিতা করা শুরু হয়েছে বেশ কয়েকটি রাজ্যে। এক্ষেত্রে একটা অংশের বক্তব্য, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের চাকরির বড় অবলম্বন ভারতীয় সেনা। চাকরিতে স্থায়িত্ব ও ভবিষ্যতের জন্য গরিব ও নিম্নবিত্ত পরিবারের মূল ভরসা হয়ে ওঠে সেনার চাকরি। অনেক চেষ্টার পর একটা চাকরি পেলেও তা যদি ৪ বছর মেয়াদের হয় অবসরের পর আর কোনও চাকরি পাওয়ার নিশ্চয়তা থাকছে না বলে অভিযোগ সামনে এসেছে।

