পুরুলিয়ায় মহিলা-মহলের দুর্গাপুজোর থিম ঘিরে উৎসাহ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রত্যেক মণ্ডপে দেবীদুর্গা অসুর বধ করে থাকেন। দুর্গাপুজো মণ্ডপের চিরাচরিত এই চিত্র সবাই দেখে থাকেন। অন্যদিকে থিমের প্রচলন শুরু হওয়ার পর প্রতি বছর বিভিন্ন সৃষ্টিশীল বিষয়গুলি জুড়ে-জড়িয়ে গিয়েছে। এ বছর করোনা আবহ। বর্তমান সময়ে মানব জীবনে ভিন্ন পরিস্থিতি। এবার পুজোর থিমে এই বিষয়বস্তু নিয়ে হাজির হতে চলেছেন পুজো উদ্যোক্তারা। আয়োজক সূত্রের খবর, করোনাকে বধ করার জন্য অসুরকে সঙ্গে নিয়েই যুদ্ধ করবেন দেবীদুর্গা।
সূত্রের আরও খবর, পুরুলিয়ায় রেল স্টেশন সংলগ্ন স্টেশনপাড়া প্রাইভেট রোড মহিলা মণ্ডল পরিচালিত পুজোর এবারের থিম ভাবনা সাড়া ফেলে দিয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, এখানে করোনার আবহ বলতে আসলে অসুরকে বোঝানো হয়েছে। আবার সংসারের দুর্গারা করোনাজনিত আবহ মুছে ফেলার জন্য এই থিমকে বাস্তবায়িত করে দেবী-দুর্গার কাছে প্রার্থনা করবেন। ওই পুজো কমিটির উদ্যোগে বৈঠক হয়েছে। এই সময় করোনা পরিস্থিতির চ্যালেঞ্জ রয়েছে আয়োজকদের সবার কাছে।
একটু অসাবধান হলে প্রাণ যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। করোনার দাপটে জেরবার জনজীবন। মা তাঁর সন্তানদের রক্ষায় সামিল হবেন। মায়ের এবারের মূল যুদ্ধ ভিন্ন পরিস্থিতির বিরুদ্ধে। পুরুলিয়ায় মহিলা পরিচালিত পুজোর থিমে এবার এই বিষয় তুলে ধরার চেষ্টা চলছে। সন্তানদের প্রাণ রক্ষার্থে দেবী যুদ্ধে অংশ নেবেন। ভিন্ন সময়ে তার জন্য অসুরকেও সঙ্গে রাখা হবে। কমিটির পুজো প্রস্তুতি করোনা আবহে এবার কিছুটা বিলম্ব হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৩ সাল থেকে উমা বন্দ্যোপাধ্যায়, কল্পনা ভট্টাচার্য, পায়েল বন্দ্যোপাধ্যায় এবং চিন্তামণি মাঝিরা এই পুজো করছেন। পুজোর আয়োজকদের মধ্যে রয়েছেন নার্স, উচ্চপদস্থ মহিলা আধিকারিক ও গৃহিণীরা। জেলায় প্রথম মহিলা পরিচালিত পুজো শুরু হয়েছে মূলত তাঁদের হাত ধরেই। এই পুজো দেখতে স্থানীয় মানুষদের আগ্রহ বেশি থাকে। তবে পুরুলিয়া জেলায় আরও কিছু জায়গায় মহিলা পরিচালিত দুর্গাপুজো হচ্ছে, এমনটাও জানা গিয়েছে। মহিলাদের এই পুজোয় সহযোগিতার হাত রয়েছে পুরুষদেরও।

